যশোরে নাট্য অভিনেতা সমু চৌধুরীকে মারধর ও মাথায় ইট দিয়ে আঘাত করে জখম করার অভিযোগে দায়ের করা মামলায় জাহাঙ্গীর হোসেন (৩৬) নামে এক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (১৩ অক্টোবর) রাত ৯টার দিকে শহরের মণিহার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
বুধবার (১৪ অক্টোবর) আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।
গ্রেফতার জাহাঙ্গীর হোসেন যশোর শহরের বেজপাড়া আজিমাবাদ কলোনির মৃত ওসমান আলীর ছেলে। বর্তমানে তিনি বারান্দীপাড়া বউবাজার এলাকায় বসবাস করেন।
পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা গেছে, মঙ্গলবার সন্ধ্যায় নাট্য অভিনেতা সমু চৌধুরী বাদী হয়ে কোতোয়ালি থানায় দুজনের বিরুদ্ধে মামলা করেন। মামলার অপর আসামি হৃদয় হোসেন (৩০)। তিনি সমু চৌধুরীর বাড়ির পাশের একটি মোটরসাইকেল গ্যারেজের মালিক এবং শহরের সিটি কলেজপাড়া এলাকার হুমায়ুন কবিরের ছেলে।
মামলার এজাহারে সমু চৌধুরী অভিযোগ করেন, মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে তার বাড়ির পাশের মোটরসাইকেল গ্যারেজের সামনে হৃদয় ও জাহাঙ্গীর উচ্চস্বরে অশালীন ভাষায় কথা বলছিলেন এবং চিৎকার-চেঁচামেচি করছিলেন। এতে বিরক্ত হয়ে তিনি বাসা থেকে বেরিয়ে তাদের এমন আচরণ করতে নিষেধ করেন।
এজাহারে আরও বলা হয়, এতে ক্ষিপ্ত হয়ে অভিযুক্ত দুজন তাকে এলোপাতাড়ি মারধর করেন। একপর্যায়ে তিনি মাটিতে পড়ে গেলে হৃদয় হোসেন ইট দিয়ে তার মাথায় আঘাত করেন বলে অভিযোগ করেন সমু চৌধুরী। এতে তার মাথায় জখম হয়। পরে অভিযুক্তরা তাকে হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করেন।
পরে স্থানীয় লোকজন আহত সমু চৌধুরীকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে যান।
পুলিশ জানায়, মামলা দায়েরের পর মঙ্গলবার রাত ৯টার দিকে শহরের মণিহার এলাকায় অভিযান চালান মামলার তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) আলমগীর হোসেন। এ সময় এজাহারভুক্ত আসামি জাহাঙ্গীর হোসেনকে গ্রেফতার করা হয়। বুধবার তাকে আদালতে সোপর্দ করা হলে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়।


