পাকিস্তানের হয়ে আন্তর্জাতিক ক্রিকেট অধ্যায় পেরিয়ে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে নতুন সম্ভাবনার দুয়ার খুলছে পেসার মোহাম্মদ আমিরের সামনে। ব্রিটিশ নাগরিকত্ব পাওয়ার সুবাদে ৩৪ বছর বয়সী এই পেসারের সামনে এবার আইপিএলে খেলার সুযোগ তৈরি হতে পারে বলে জল্পনা শুরু হয়েছে।
আসন্ন আফগানিস্তান প্রিমিয়ার লিগের (এপিএল) খেলোয়াড় ড্রাফটে যুক্তরাজ্যের নাগরিক হিসেবে নাম লিখিয়েছেন আমির। আগামী কাল ৩ নভেম্বর দুবাইয়ে এই ড্রাফট অনুষ্ঠিত হবে, যেখানে তাকে রাখা হয়েছে সর্বোচ্চ প্ল্যাটিনাম ক্যাটাগরিতে।
চলতি বছরের মে মাসে ব্রিটিশ নাগরিকত্ব লাভ করেন আমির। ড্রাফটের তালিকায় তাঁর বসবাসের দেশ যুক্তরাজ্য উল্লেখ থাকলেও ক্রিকেট বোর্ড হিসেবে দেখানো হয়েছে পাকিস্তানকে। ব্রিটিশ পাসপোর্টের সুবাদে তিনি আইপিএলে খেলার সুযোগ পাবেন কি না, তা নিয়ে আলোচনা চলছে।
এর আগে পাকিস্তানি বংশোদ্ভূত আজহার মাহমুদ ব্রিটিশ নাগরিকত্ব নিয়ে ২০১২ থেকে ২০১৫ সাল পর্যন্ত আইপিএলে পাঞ্জাব ও কলকাতার হয়ে খেলেছিলেন। আমিরের ক্ষেত্রেও সেই পথ উন্মুক্ত হতে পারে কি না, তার উত্তর মিলতে পারে আগামী ১৬ ডিসেম্বর গোয়ায় অনুষ্ঠেয় আইপিএলের মিনি নিলামে।
পাকিস্তানের হয়ে ৩৬ টেস্ট, ৬১ ওয়ানডে ও ৬২ টি-টোয়েন্টি খেলা আমির সর্বশেষ আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন ২০২৪ সালের জুনে। ব্রিটিশ নাগরিকত্বের সুবাদে এপিএলে খেলার জন্য তার পিসিবির অনাপত্তিপত্রের (এনওসি) প্রয়োজন নাও হতে পারে।
তবে ফখর জামান, হাসান আলী ও ইমাদ ওয়াসিমসহ ৩০ জনের বেশি পাকিস্তানি ক্রিকেটার এপিএলের ড্রাফটে নাম দিলেও রাজনৈতিক টানাপোড়েনের কারণে তাদের এনওসি পাওয়া নিয়ে শঙ্কা রয়েছে।
সব মিলিয়ে ব্রিটিশ নাগরিকত্ব মোহাম্মদ আমিরের ক্যারিয়ারে নতুন মোড় এনে দিলেও তা শেষ পর্যন্ত আইপিএল পর্যন্ত গড়ায় কি না, সেটাই এখন দেখার বিষয়।

