...|...|...

খেলা

ব্রাজিলকে হারিয়ে প্রথমবার ফিনালিসিমা চ্যাম্পিয়ন স্পেন

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ৯ নভেম্বর ২০২৬, দুপুর ১২:২৮
Shares
ব্রাজিলকে হারিয়ে প্রথমবার ফিনালিসিমা চ্যাম্পিয়ন স্পেন

ছবি: সংগৃহীত

ফাইনালে স্বাগতিক ব্রাজিলকে ৩-০ গোলে হারিয়ে প্রথমবারের মতো কনমেবল-উয়েফা ফিনালিসিমা ফুটসালের শিরোপা জিতেছে স্পেন। অন্যদিকে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে পর্তুগালকে ৩-১ গোলে হারিয়ে ব্রোঞ্জ পদক জিতেছে আর্জেন্টিনা। ফলে এবারের প্রতিযোগিতায় শীর্ষ তিনে জায়গা করে নিয়েছে ব্রাজিল ও আর্জেন্টিনা।

রবিবার (৮ নভেম্বর) ব্রাজিলের নিতেরোইয়ের অ্যারেনা নিতেরোইয়ে অনুষ্ঠিত হয় ফিনালিসিমা ফুটসালের ফাইনাল ও তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ। শিরোপা নির্ধারণী লড়াইয়ে স্বাগতিকদের বিপক্ষে শুরুতে গোল না পেলেও বিরতির পর তিনবার জালের দেখা পায় স্পেন। খবর কোপা আমেরিকার।

প্রথমার্ধে দুই দলই আক্রমণ-পাল্টা আক্রমণ করলেও গোলের দেখা পায়নি কেউ। বিরতির পর আক্রমণের গতি বাড়ায় স্পেন। ম্যাচের ৩২তম মিনিটে আন্তোনিও পেরেজের তৈরি করে দেওয়া সুযোগ কাজে লাগিয়ে দলকে এগিয়ে নেন গন কাস্তেখন।

পিছিয়ে পড়ে ম্যাচে ফেরার চেষ্টা চালায় ব্রাজিল। একের পর এক আক্রমণ করেও স্পেনের গোলরক্ষক দিদাককে পরাস্ত করতে পারেনি স্বাগতিকরা। উল্টো ৩৯তম মিনিটে ফ্লাইং গোলকিপার কৌশল নিতে গিয়ে বিপদে পড়ে তারা। বলের দখল পেয়ে ব্যবধান দ্বিগুণ করেন সেসিলিও।

এরপর পেনাল্টি থেকে গোল করে ব্যবধান কমানোর সুযোগ পেয়েছিল ব্রাজিল। তবে দিয়েগোর নেওয়া শট ক্রসবারে লেগে ফিরে আসে। ম্যাচের ৪০তম মিনিটে নিজেদের অর্ধ থেকে ব্রাজিলের ফাঁকা জালে বল পাঠিয়ে স্পেনের তৃতীয় গোলটি করেন আন্তোনিও পেরেজ। তাতেই নিশ্চিত হয় স্পেনের ৩-০ গোলের জয়।

এই জয়ের মধ্য দিয়ে প্রথমবারের মতো ফিনালিসিমা ফুটসালের শিরোপা জিতল স্পেন। অন্যদিকে বর্তমান বিশ্ব ও দক্ষিণ আমেরিকান চ্যাম্পিয়ন ব্রাজিলকে রানার্সআপ হয়েই সন্তুষ্ট থাকতে হয়েছে।

এদিকে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে পর্তুগালের বিপক্ষে শুরু থেকেই আক্রমণাত্মক ছিল আর্জেন্টিনা। ম্যাচের প্রথম মিনিটেই লিয়ান্দ্রো আলতামিরানোর গোলে এগিয়ে যায় তারা। তবে দ্বিতীয়ার্ধের ২২তম মিনিটে হুগো নেভেসের গোলে সমতায় ফেরে পর্তুগাল।

ম্যাচের ৩৬তম মিনিটে আবারও এগিয়ে যায় আর্জেন্টিনা। লুকাস বোলোর শট সামলাতে গিয়ে বল নিজেদের জালে পাঠিয়ে দেন পর্তুগালের টমাস পাসো। শেষদিকে সমতায় ফেরার আশায় ফ্লাইং গোলকিপার কৌশল নেয় পর্তুগাল। সেই সুযোগ কাজে লাগিয়ে ৩৮তম মিনিটে নিজেদের অর্ধ থেকে ফাঁকা জালে বল পাঠান লুকাস বোলোর। এতে ৩-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে আর্জেন্টিনা।

এই জয়ে ফিনালিসিমা ফুটসালে প্রথমবারের মতো তৃতীয় স্থান অর্জন করল আর্জেন্টিনা। এর আগে ২০২২ সালের আসরে চতুর্থ হয়েছিল দলটি।