...|...|...

খেলা

ব্যালন ডি’অরে বিভিন্ন আসরে মেসির ভোট পাওয়া ফুটবলারদের তালিকা প্রকাশ

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ২৫ নভেম্বর ২০২৬, সকাল ১১:৩৭
Shares
ব্যালন ডি’অরে বিভিন্ন আসরে মেসির ভোট পাওয়া ফুটবলারদের তালিকা প্রকাশ

ছবি: সংগৃহীত

আটবারের ব্যালন ডি’অরজয়ী লিওনেল মেসি নিজের ভোটে কাদের সেরা মনে করেছেন, সেই তালিকা প্রকাশ করেছে পুরস্কারটির আয়োজক প্রতিষ্ঠান ফ্রান্স ফুটবল। মেসির ভোট পাওয়া ১১ ফুটবলারের মধ্যে রয়েছেন চার আর্জেন্টাইন। তবে তার সবচেয়ে বেশি ভোট পেয়েছেন সাবেক বার্সেলোনা সতীর্থ আন্দ্রেস ইনিয়েস্তা। পাঁচটি ব্যালন ডি’অরের আসরেই মেসির পছন্দের তালিকায় ছিলেন এই স্প্যানিশ কিংবদন্তি।

ফ্রান্স ফুটবল সম্প্রতি ২০১১ থেকে ২০১৫ সাল পর্যন্ত ব্যালন ডি’অরের মূল পুরস্কার এবং ২০২১ থেকে ২০২৬ সাল পর্যন্ত কোপা ট্রফিতে মেসির দেওয়া ভোটের হিসাব প্রকাশ করেছে। টিওয়াইসি স্পোর্টসের এক প্রতিবেদনে উঠে এসেছে মেসির ভোট পাওয়া ফুটবলারদের নাম ও ভোটের বিস্তারিত হিসাব। আর্জেন্টিনা জাতীয় দলের অধিনায়ক হিসেবে ২০১১ থেকে ২০১৫ সাল পর্যন্ত ব্যালন ডি’অরের ভোট দেওয়ার সুযোগ পেয়েছিলেন তিনি। পরবর্তী সময়ে তরুণ ফুটবলারদের জন্য চালু হওয়া কোপা ট্রফির ভোটেও অংশ নিচ্ছেন আর্জেন্টাইন অধিনায়ক।

মেসির ভোট পাওয়া চার আর্জেন্টাইন ফুটবলার হলেন সার্জিও আগুয়েরো, আনহেল দি মারিয়া, হাভিয়ের মাশ্চেরানো ও আলেহান্দ্রো গারনাচো। তাদের মধ্যে আগুয়েরো দুইবার মেসির ভোট পেয়েছেন। ব্যালন ডি’অরের মূল পুরস্কারের তালিকায় ছিলেন আগুয়েরো, দি মারিয়া ও মাশ্চেরানো। অন্যদিকে, কোপা ট্রফির ভোটে জায়গা পেয়েছেন গারনাচো।

তবে মেসির ভোটের হিসাবে সবচেয়ে ধারাবাহিকভাবে এগিয়ে ছিলেন ইনিয়েস্তা। ২০১১ থেকে ২০১৫ সাল পর্যন্ত টানা পাঁচটি ব্যালন ডি’অরের আসরেই তাকে ভোট দিয়েছেন মেসি। এর মধ্যে দুইবার নিজের প্রথম পছন্দ হিসেবে রেখেছিলেন সাবেক এই সতীর্থকে। এ ছাড়া জাভি হার্নান্দেজও একাধিকবার মেসির ভোট পেয়েছেন।

বিশেষ করে ২০১৪ সালের ভোটে মেসির পছন্দ ছিল বেশ তাৎপর্যপূর্ণ। ব্রাজিল বিশ্বকাপের ফাইনালে জার্মানির কাছে হারের পর ওই বছরের ব্যালন ডি’অরের ভোটে প্রথম পছন্দ হিসেবে আনহেল দি মারিয়াকে বেছে নেন তিনি। দ্বিতীয় স্থানে ছিলেন ইনিয়েস্তা এবং তৃতীয় স্থানে মাশ্চেরানো। নিয়ম অনুযায়ী, ভোটে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থানে থাকা খেলোয়াড়েরা যথাক্রমে পাঁচ, তিন ও এক পয়েন্ট পান।

কোপা ট্রফির ভোটেও মেসির পছন্দের তালিকায় উঠে এসেছে তরুণ প্রতিভারা। ২০২৬ সালের আসরে তার প্রথম পছন্দ ছিলেন লামিনে ইয়ামাল। শেষ পর্যন্ত পাউ কুবারসিকে মাত্র দুই ভোটের ব্যবধানে হারিয়ে পুরস্কার জেতেন ইয়ামাল। ভোটের ব্যবধান ছিল ৯৬-৯৪।

ব্যালন ডি’অরে মেসির ভোট

২০১১ সালের আসরে মেসির প্রথম পছন্দ ছিলেন জাভি হার্নান্দেজ। দ্বিতীয় স্থানে আন্দ্রেস ইনিয়েস্তা এবং তৃতীয় স্থানে ছিলেন সার্জিও আগুয়েরো।

২০১২ সালে প্রথম পছন্দ হিসেবে ইনিয়েস্তাকে বেছে নেন মেসি। দ্বিতীয় জাভি এবং তৃতীয় আগুয়েরো।

২০১৩ সালে ইনিয়েস্তাই ছিলেন মেসির প্রথম পছন্দ। দ্বিতীয় স্থানে জাভি এবং তৃতীয় স্থানে নেইমার।

২০১৪ সালে প্রথম ভোট পান আনহেল দি মারিয়া। দ্বিতীয় ইনিয়েস্তা এবং তৃতীয় হাভিয়ের মাশ্চেরানো।

২০১৫ সালে মেসির প্রথম পছন্দ ছিলেন লুইস সুয়ারেজ। দ্বিতীয় নেইমার এবং তৃতীয় ইনিয়েস্তা।

কোপা ট্রফিতে মেসির ভোট

২০২১ সালে প্রথম পছন্দ ছিলেন পেদ্রি। দ্বিতীয় নুনো মেন্দেস এবং তৃতীয় জুড বেলিংহ্যাম।

২০২২ সালে প্রথম গাভি, দ্বিতীয় নুনো মেন্দেস ও তৃতীয় বেলিংহ্যামকে ভোট দেন মেসি।

২০২৩ সালে প্রথম পছন্দ জামাল মুসিয়ালা। দ্বিতীয় পেদ্রি এবং তৃতীয় বেলিংহ্যাম।

২০২৪ সালে প্রথম লামিনে ইয়ামাল, দ্বিতীয় পাউ কুবারসি ও তৃতীয় আলেহান্দ্রো গারনাচোকে ভোট দেন তিনি।

২০২৫ সালে ইয়ামালই ছিলেন মেসির প্রথম পছন্দ। দ্বিতীয় দেজিরে দুয়ে এবং তৃতীয় কুবারসি।

২০২৬ সালেও প্রথম পছন্দ হিসেবে ইয়ামালকে বেছে নেন মেসি। দ্বিতীয় কুবারসি এবং তৃতীয় ইব্রাহিম মাজাকে ভোট দেন আর্জেন্টাইন তারকা।