বিদ্যুৎ ও জ্বালানি সংকটসহ জনদুর্ভোগের জন্য সরকারের ব্যর্থতাকে দায়ী করে জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন, নিজেদের ব্যর্থতা ও জনদুর্ভোগ আড়াল করতে সরকার বিরোধী দলের ওপর দায় চাপিয়ে অহেতুক বিতর্ক সৃষ্টি করছে।
রবিবার (১৬ আগস্ট) রাজধানীর মগবাজারে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
মিয়া গোলাম পরওয়ার বলেন, প্রধানমন্ত্রী জনদুর্ভোগ ও সরকারের ব্যর্থতাকে আড়াল করতে বিরোধী দলের ওপর সব দায় চাপাতে গিয়ে অহেতুক বিতর্ক তৈরি করেছেন। সরকারের গুরুত্বপূর্ণ বিষয়গুলো আড়াল করার একটি প্রবণতা দেখা যাচ্ছে।
জ্বালানি সংকট মোকাবিলায় বিরোধী দলকে ঐক্যবদ্ধ হওয়ার প্রধানমন্ত্রীর আহ্বানের প্রসঙ্গ তুলে জামায়াতের এই নেতা বলেন, গত ২১ মে সংসদে দেওয়া ১০ দফা প্রস্তাবে তারাই জ্বালানি সংকট সমাধানের বিভিন্ন বিষয় তুলে ধরেছিলেন। দেশের শীর্ষস্থানীয় গণমাধ্যমেও এ নিয়ে সংবাদ প্রকাশিত হয়েছিল।
তিনি প্রশ্ন করেন, ‘২১ মে দেওয়া ১০ দফা প্রস্তাবের কোনটি সরকার এখন পর্যন্ত বাস্তবায়ন করেছে? আমরা কথার চেয়ে কাজের বাস্তবায়ন দেখতে চাই।’
বিদ্যুৎ সংকট নিয়ে সরকারের বিভিন্ন বক্তব্যের সমালোচনা করে মিয়া গোলাম পরওয়ার বলেন, ‘হারিকেনের সঙ্গে ফ্যান চলছে এটা কোনো যুক্তি হতে পারে না। যুক্তি হতে হবে তথ্যভিত্তিক। রাজনৈতিক ব্যঙ্গ দিয়ে গ্যাস, তেল বা বিদ্যুৎ সংকটের সমাধান করা যাবে না।’
তিনি বলেন, বিদ্যুৎ ও জ্বালানি সংকট সমাধানে রাজনৈতিক বক্তব্য কিংবা পরস্পরকে দোষারোপ না করে বাস্তবসম্মত ও কার্যকর পদক্ষেপ নিতে হবে।
সংবাদ সম্মেলনে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।


