...|...|...

বিশ্ব

বোমার নামের সাথে ‘মা’ জুড়ে দেওয়া বর্বরতার পরিচয়: আইআরজিসি

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ১৮ অক্টোবর ২০২৬, রাত ১১:১৮
Shares
বোমার নামের সাথে ‘মা’ জুড়ে দেওয়া বর্বরতার পরিচয়: আইআরজিসি

‘মাদার অব অল বোমস’ বা ‘সব বোমার মা’। ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের সবচেয়ে শক্তিশালী অ-পারমাণবিক বোমা ‘মাদার অব অল বোমস’ বা ‘সব বোমার মা’ নাম নিয়ে কটাক্ষ করেছেন ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ডস কোরের (আইআরজিসি) মুখপাত্র হোসেইন মোহেব্বি। তার মতে, ধ্বংসাত্মক একটি বোমার নামের সঙ্গে ‘মা’র মতো পবিত্র শব্দ যুক্ত করা কেবল একটি ‘বর্বর সভ্যতার’ পক্ষেই সম্ভব।

শনিবার প্রকাশিত এক বার্তায় এ মন্তব্য করেন মোহেব্বি। ইরানের বার্তা সংস্থা তাসনিম এ তথ্য জানিয়েছে।

যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী তাদের শক্তিশালী অ-পারমাণবিক বোমা জিবিইউ-৪৩/বি ম্যাসিভ অর্ডন্যান্স এয়ার ব্লাস্টকে (এমওএবি) ‘মাদার অব অল বোমস’ নামে অভিহিত করে। এই নামের প্রতি ইঙ্গিত করে মোহেব্বি বলেন, ‘কেবল একটি বর্বর সভ্যতাই তাদের সবচেয়ে ভারী বোমাটির ক্ষেত্রে ‘মা’- এই পবিত্র শব্দটি ব্যবহার করতে পারে।’

যুক্তরাষ্ট্রের সামরিক শক্তি প্রদর্শন এবং তা থেকে সৃষ্ট মনস্তাত্ত্বিক চাপকে ইরানের সাধারণ মানুষ যেভাবে হাস্যরসের মাধ্যমে উড়িয়ে দেয়, তারও প্রশংসা করেন আইআরজিসির এই মুখপাত্র। তিনি বলেন, ‘ভবিষ্যৎ সেই জাতিরই হবে, যারা শত্রুর সবচেয়ে বড় হুমকিকে দৈনন্দিন হাস্যরসের বিষয়ে পরিণত করতে পারে।’

তাসনিমের প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের অন্তর্বর্তীকালীন প্রতিরক্ষামন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল মজিদ ইবন আল রেজা দেশটির বিরুদ্ধে ‘মাদার অব অল বোমস’ ব্যবহারের সম্ভাবনা নিয়ে তৈরি হওয়া জল্পনা-কল্পনার বিষয়ে প্রতিক্রিয়া জানানোর পর মোহেব্বি এ মন্তব্য করেন।

আল রেজা বোমাটির নাম ও ধ্বংসাত্মক ক্ষমতা নিয়ে উদ্বেগকে গুরুত্বহীন বলে উল্লেখ করেন। নিজের এক্স অ্যাকাউন্টে তিনি লেখেন, ‘বোমার নাম ও মাত্রা কোনো বিষয় নয়!’

যুক্তরাষ্ট্রের এ ধরনের সামরিক পদক্ষেপ ওয়াশিংটনের বৈশ্বিক অবস্থান, অর্থনীতি ও নির্বাচনী হিসাব-নিকাশে প্রভাব ফেলতে পারে বলেও সতর্ক করেন তিনি। আল রেজার দাবি, ইরানের ক্ষেপণাস্ত্র সক্ষমতা কৌশলগত সমীকরণ বদলে দিয়েছে। তাই মার্কিন কর্মকর্তাদের ইরানের সামরিক শক্তি স্বীকার করে নেওয়া উচিত।

এদিকে, বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের বিরুদ্ধে নতুন হামলার পরিকল্পনা তৈরি করেছে মার্কিন সামরিক বাহিনী। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফের সামরিক অভিযান শুরুর নির্দেশ দিলে সম্ভাব্য লক্ষ্যবস্তুর মধ্যে ইরানের জ্বালানি ও পারমাণবিক স্থাপনা থাকতে পারে। এসব হামলায় ‘মাদার অব অল বোমস’ ব্যবহারের বিষয়টিও আলোচনায় এসেছে।

জিবিইউ-৪৩/বি এমওএবি যুক্তরাষ্ট্রের অস্ত্রভাণ্ডারে থাকা বৃহত্তম অ-পারমাণবিক বোমাগুলোর একটি। এটি বিস্ফোরণের সময় ব্যাপক ধ্বংসক্ষমতা তৈরি করতে পারে। তবে ইরানের বিরুদ্ধে এই বোমা ব্যবহারের কোনো সিদ্ধান্ত নেওয়া হয়েছে কি না, তা প্রতিবেদনে নিশ্চিত করা হয়নি।