...|...|...

শিক্ষা

বেসরকারি স্কুলে ২০২৭ শিক্ষাবর্ষের ভর্তি নীতিমালা প্রকাশ

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ১১ নভেম্বর ২০২৬, বিকেল ৫:১৮ | আপডেট: ১১ নভেম্বর ২০২৬, বিকেল ৫:২৭
Shares
বেসরকারি স্কুলে ২০২৭ শিক্ষাবর্ষের ভর্তি নীতিমালা প্রকাশ

ছবি: সংগৃহীত

বেসরকারি স্কুল ও স্কুল অ্যান্ড কলেজে ২০২৭ শিক্ষাবর্ষে শিক্ষার্থী ভর্তির নতুন নীতিমালা প্রকাশ করেছে সরকার। নতুন নীতিমালা অনুযায়ী, প্রথম শ্রেণিতে ভর্তির ন্যূনতম বয়স পাঁচ বছর থেকে বাড়িয়ে ছয় বছর নির্ধারণ করা হয়েছে। এ ছাড়া প্রথম শ্রেণিতে লটারির মাধ্যমে এবং দ্বিতীয় থেকে নবম শ্রেণিতে লিখিত পরীক্ষার মাধ্যমে শিক্ষার্থী ভর্তি করা হবে।

মঙ্গলবার (১০ নভেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ থেকে ‘বেসরকারি স্কুল, স্কুল অ্যান্ড কলেজে শিক্ষার্থী ভর্তি নীতিমালা-২০২৭’ জারি করা হয়। মাধ্যমিক, নিম্নমাধ্যমিক ও সংযুক্ত প্রাথমিক স্তরের সব শিক্ষাপ্রতিষ্ঠানে এই নীতিমালা প্রযোজ্য হবে।

নীতিমালায় বলা হয়, জাতীয় শিক্ষানীতি-২০১০ অনুযায়ী ২০২৭ সালের ১ জানুয়ারি প্রথম শ্রেণিতে ভর্তিচ্ছু শিক্ষার্থীর বয়স কমপক্ষে ছয় বছর এবং সাত বছরের কম হতে হবে। সে হিসেবে ২০২০ সালের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বরের মধ্যে জন্ম নেওয়া শিশুরা ভর্তির যোগ্য বলে বিবেচিত হবে।

বয়স যাচাইয়ে অনলাইন জন্মনিবন্ধন সনদের কপি জমা দিতে হবে। তবে বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের ক্ষেত্রে বয়সের অতিরিক্ত পাঁচ বছর পর্যন্ত শিথিলযোগ্য হবে।

এর আগে ২০২৫ সালের ভর্তি নীতিমালায় প্রথম শ্রেণিতে ভর্তির সর্বনিম্ন বয়স পাঁচ বছর নির্ধারণ করা হয়েছিল। তবে গত ১৩ অক্টোবর প্রকাশিত সরকারি স্কুলের ভর্তি নীতিমালায় সর্বনিম্ন বয়স পাঁচ বছরই রাখা হয়েছে। ফলে আগামী শিক্ষাবর্ষে সরকারি ও বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে প্রথম শ্রেণিতে ভর্তির বয়সসীমায় ভিন্নতা থাকছে।