দেশের সরকারি ও বেসরকারি মাধ্যমিক ও নিম্নমাধ্যমিক বিদ্যালয়ের ২০২৭ শিক্ষাবর্ষের ছুটির খসড়া তালিকা তৈরি করেছে শিক্ষা মন্ত্রণালয়। প্রস্তাবিত তালিকা অনুযায়ী, আগামী বছর শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে সাপ্তাহিক ছুটি ছাড়া মোট ৭০ দিন ছুটি থাকবে। এর মধ্যে সবচেয়ে দীর্ঘ ছুটি রাখা হয়েছে পবিত্র রমজান ও ঈদুল ফিতর উপলক্ষে।
খসড়া তালিকা অনুযায়ী, আগামী ৮ ফেব্রুয়ারি থেকে ১৩ মার্চ পর্যন্ত রমজান, শবে কদর ও ঈদুল ফিতরসহ বিভিন্ন উপলক্ষে সাপ্তাহিক ছুটি বাদ দিয়ে ২৪ দিন বন্ধ থাকবে শিক্ষাপ্রতিষ্ঠান। সাপ্তাহিক ছুটি (শুক্রবার ও শনিবার) হিসাব করলে টানা ৩৪ দিন বন্ধ পাবেন শিক্ষক-শিক্ষার্থীরা। এই দীর্ঘ ছুটির মধ্যে সরস্বতী পূজা, শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসও অন্তর্ভুক্ত রয়েছে।
এ ছাড়া পবিত্র ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন অবকাশ উপলক্ষে ১৬ মে থেকে ২৭ মে পর্যন্ত সাপ্তাহিক ছুটি বাদে ১০ দিন এবং বছরের শেষে শীতকালীন অবকাশ, বিজয় দিবস ও বড়দিন উপলক্ষে ১৪ ডিসেম্বর থেকে ২৮ ডিসেম্বর পর্যন্ত ১১ দিন ছুটি রাখা হয়েছে।

দুর্গাপূজায় ৭ থেকে ১১ অক্টোবর পর্যন্ত সাপ্তাহিক ছুটি বাদ দিয়ে তিন দিন ছুটি নির্ধারণ করা হয়েছে। অন্যান্য ধর্মীয় ও জাতীয় দিবসেও প্রথাগত ছুটি বহাল থাকছে। তবে ২৬ মার্চ স্বাধীনতা দিবস ও ১ মে মহান মে দিবস সাপ্তাহিক ছুটির দিনে (শুক্রবার ও শনিবার) পড়ায় আলাদা ছুটি রাখা হয়নি। এ ছাড়া প্রতিটি প্রতিষ্ঠানের প্রধানের হাতে সংরক্ষিত থাকবে দুদিনের ছুটি।
শিক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, তালিকাটি এখনো খসড়া পর্যায়ে রয়েছে। চূড়ান্ত অনুমোদনের সময় এবং চাঁদ দেখার ওপর ভিত্তি করে ছুটির সংখ্যা ও তারিখে পরিবর্তন আসতে পারে।

