...|...|...

বিশ্ব

বেলুচিস্তানে ব্যাপক সংঘর্ষ, ১৭ সশস্ত্র সদস্য নিহত

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ৩ নভেম্বর ২০২৬, রাত ১০:৫৪
Shares
বেলুচিস্তানে ব্যাপক সংঘর্ষ, ১৭ সশস্ত্র সদস্য নিহত

ছবি: সংগৃহীত

পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশের কাচ্চি ও খারান জেলায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পরিচালিত পৃথক দুটি অভিযানে ১৭ সশস্ত্র সদস্য নিহত হয়েছেন। অভিযান চলাকালে বন্দুকযুদ্ধে দেশটির সামরিক বাহিনীর এক সেনাসদস্যও প্রাণ হারিয়েছেন বলে জানিয়েছে দেশটির সামরিক বাহিনীর গণমাধ্যম শাখা আইএসপিআর।

মঙ্গলবার (৩ নভেম্বর) জিও নিউজের খবরে বলা হয়, গত ১ নভেম্বর সন্ত্রাসীদের উপস্থিতির খবরের ভিত্তিতে ওই অভিযান দুটি চালানো হয়। আইএসপিআর এক বিবৃতিতে দাবি করেছে, নিহত ব্যক্তিরা ভারত সমর্থিত ‘ফিতনা আল হিন্দুস্তান’ ও ‘ফিতনা আল খাওয়ারিজ’ গোষ্ঠীর সদস্য।

বিবৃতিতে জানানো হয়, কাচ্চি জেলার সান্নি এলাকায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পরিচালিত অভিযানে একটি সড়কে অবরোধ তৈরির চেষ্টা নস্যাৎ করে দেয় নিরাপত্তা বাহিনী। সেখানে ১০ সশস্ত্র সদস্য নিহত হন। ঘটনাস্থল থেকে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়েছে।

অন্যদিকে খারান জেলায় পৃথক অভিযানে সন্ত্রাসীদের একটি আস্তানা গুঁড়িয়ে দেওয়া হয়। তীব্র গোলাগুলিতে সেখানে আরও সাতজন নিহত হন। এই সংঘর্ষ চলাকালে কারাক জেলার বাসিন্দা ২৫ বছর বয়সী সিপাহি হিকমত উল্লাহ নামের এক সেনাসদস্য নিহত হন।

আইএসপিআর আরও জানিয়েছে, এলাকায় আর কোনো সশস্ত্র সদস্য অবস্থান করছে কি না, তা শনাক্তে তল্লাশি অভিযান অব্যাহত রয়েছে। জাতীয় কর্মপরিকল্পনা বাস্তবায়নে ‘আজম-ই-ইস্তেকহাম’ উদ্যোগের আওতায় এই সন্ত্রাসবিরোধী অভিযান পরিচালনা করা হচ্ছে।