যশোরের বেনাপোলে ৯০ লাখ ৪৯ হাজার ৬৭০ টাকা মূল্যের তিনটি স্বর্ণের বারসহ সুজন হোসেন (৩৪) নামে এক ব্যক্তিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় স্বর্ণ পাচারে ব্যবহৃত একটি মোটরসাইকেল ও একটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।
মঙ্গলবার (১৮ আগস্ট) রাতে বেনাপোল পোর্ট থানার পুটখালি এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। সুজন হোসেন পুটখালি গ্রামের রফিকুল ইসলামের ছেলে। বুধবার বিকেলে এক প্রেস নোটের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করে বিজিবি।
বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে খুলনা ২১ বিজিবি ব্যাটালিয়নের পুটখালি বিওপির একটি বিশেষ আভিযানিক দল সীমান্তবর্তী পুটখালি এলাকায় অবস্থান নেয়। পরে মোটরসাইকেলে সীমান্তের দিকে যাওয়ার সময় সুজনকে সন্দেহ হলে তাকে তল্লাশি করা হয়। এ সময় তার শরীরে বিশেষভাবে লুকানো অবস্থায় ৩৯৭ গ্রাম ওজনের তিনটি স্বর্ণের বার উদ্ধার করা হয়।
বিজিবির হিসাব অনুযায়ী, উদ্ধার করা স্বর্ণের মূল্য ৮৭ লাখ ৭৭ হাজার ৬৭০ টাকা। এছাড়া জব্দ করা মোটরসাইকেল ও মোবাইল ফোনের মূল্য ২ লাখ ৭২ হাজার টাকা। সব মিলিয়ে জব্দ করা মালামালের সিজারমূল্য ৯০ লাখ ৪৯ হাজার ৬৭০ টাকা।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে সুজন স্বীকার করেছেন, পুটখালি সীমান্ত দিয়ে ভারতে পাচারের উদ্দেশ্যে তিনি স্বর্ণের বারগুলো নিয়ে যাচ্ছিলেন।
২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. নাফিজ ইমতিয়াজ আহসান জানান, উদ্ধার করা স্বর্ণ সরকারি ট্রেজারিতে জমা দেওয়া হয়েছে। এ ঘটনায় মোটরসাইকেল ও মোবাইল ফোনসহ আটক ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়ের করে তাকে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
তিনি আরও বলেন, সীমান্ত এলাকায় মাদক ও অন্যান্য চোরাচালানসহ সব ধরনের অবৈধ পাচার বন্ধে বিজিবির অভিযান অব্যাহত থাকবে।


