...|...|...

সারাদেশ

গভীর সমুদ্রে ইঞ্জিন বিকল, ফিশিং বোটসহ ৮ জেলে উদ্ধার

বাগেরহাট প্রতিনিধি
প্রকাশ: ২৫ সেপ্টেম্বর ২০২৬, দুপুর ১২:৩৪
Shares
গভীর সমুদ্রে ইঞ্জিন বিকল, ফিশিং বোটসহ ৮ জেলে উদ্ধার

বাগেরহাটের সুন্দরবনের কোকিলমনি থেকে প্রায় ১১ নটিক্যাল মাইল দক্ষিণে গভীর সমুদ্রে ইঞ্জিন বিকল হয়ে ভাসতে থাকা একটি ফিশিং বোটসহ আট জেলেকে জীবিত উদ্ধার করেছে কোস্ট গার্ড।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) সকালে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, গত ১৯ সেপ্টেম্বর সকাল ১১টার দিকে আট জেলেসহ একটি ফিশিং বোট মাছ আহরণে গিয়ে সুন্দরবনের কোকিলমনি থেকে ১১ নটিক্যাল মাইল দক্ষিণে গভীর সমুদ্রে ইঞ্জিন বিকল হয়ে পড়ে। এরপর বোটটি সাগরে ভাসতে থাকে।

একপর্যায়ে গত ২৪ সেপ্টেম্বর বিকেল ৩টার দিকে বোটটি মোবাইল নেটওয়ার্কের আওতায় এলে এক জেলে মোবাইল ফোনে বোট মালিককে বিষয়টি জানান। পরে বোট মালিক কোস্ট গার্ড পশ্চিম জোনের কাছে সহায়তা চান।

খবর পেয়ে কোস্ট গার্ড স্টেশন কোকিলমনি থেকে একটি উদ্ধারকারী দল দ্রুত অভিযান শুরু করে। অভিযান চালিয়ে গভীর সমুদ্র থেকে ইঞ্জিন বিকল হয়ে ভাসতে থাকা ফিশিং বোটটি শনাক্ত করা হয়। পরে বোটে থাকা আট জেলেকে জীবিত উদ্ধার করে কোস্ট গার্ড।

উদ্ধার করা জেলেদের প্রাথমিক চিকিৎসা ও প্রয়োজনীয় খাবার দেওয়া হয়েছে। বর্তমানে ফিশিং বোটসহ উদ্ধার করা জেলেদের মালিকপক্ষের কাছে হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন বলেন, সমুদ্রে বিপদে পড়া জেলে ও নৌযান উদ্ধারে কোস্ট গার্ডের এ ধরনের জরুরি উদ্ধার অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।