...|...|...

চট্টগ্রাম

বেদখল হচ্ছে ঝিলংজা কেন্দ্রীয় মহাশ্মশানের জায়গা, ক্ষুব্ধ সনাতন ধর্মাবলম্বীরা

বলরাম দাশ অনুপম, কক্সবাজার
প্রকাশ: ৮ সেপ্টেম্বর ২০২৬, সন্ধ্যা ৬:০৪
Shares
বেদখল হচ্ছে ঝিলংজা কেন্দ্রীয় মহাশ্মশানের জায়গা, ক্ষুব্ধ সনাতন ধর্মাবলম্বীরা

দিন দিন সংকুচিত হয়ে আসছে কক্সবাজার সদর উপজেলার ঝিলংজা কেন্দ্রীয় মহাশ্মশানের জায়গা। অভিযোগ রয়েছে, শ্মশানসংলগ্ন এলাকায় বসবাসকারীরা নিজেদের বসতি সম্প্রসারণের জন্য শ্মশানের জায়গা দখল করে নিচ্ছেন। এতে শ্মশানের পবিত্রতা নষ্ট হচ্ছে বলে অভিযোগ করেছেন স্থানীয় সনাতন ধর্মাবলম্বীরা।

অভিযোগে জানা যায়, সম্প্রতি ঝিলংজা কেন্দ্রীয় মহাশ্মশানের জায়গা দখল করে বসতি স্থাপনের কাজ করছেন ডেজি সিকদার নামের এক নারী। তিনি রামু পরিবার পরিকল্পনা কার্যালয়ে কর্মরত বলে জানা গেছে। অভিযোগ অনুযায়ী, শ্মশানের জায়গা দখল করে বর্তমানে সেখানে স্থাপনা নির্মাণের কাজ চালিয়ে যাচ্ছেন তিনি।

এ ঘটনায় এলাকার সাধারণ সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে।

ঝিলংজা কেন্দ্রীয় মহাশ্মশান পরিচালনা কমিটির সভাপতি শিমুল মল্লিক বলেন, ইতোপূর্বে এই ডেজি সিকাদর শ্মশানের জায়গা দখল করে স্থাপনা নির্মাণ করেছিল। কিছুদিন বন্ধ রাখার পর সম্প্রতি আবারও সেখানে স্থাপনা নির্মাণ কাজ চালিয়ে যাচ্ছেন তিনি।

শ্মশানের পবিত্রতা রক্ষায় প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন তিনি।

এদিকে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিনা আক্তার জানান, যদি কেউ শ্মশানের জায়গা দখল করে স্থাপনা নির্মাণ করে থাকে তা প্রমাণিত হয় তাহলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।