আবহাওয়ার হঠাৎ পরিবর্তনের এই সময়ে অনেকেই ত্বকের বিভিন্ন সমস্যায় ভুগে থাকেন। কখনো ভারি বৃষ্টি, আবার কিছুক্ষণের মধ্যেই তীব্র গরম—এই অনিয়মিত আবহাওয়ার প্রভাব সরাসরি ত্বকের ওপর পড়ে।
ফলে র্যাশ, চুলকানি, ঘামাচি, এমনকি ছত্রাকজনিত সংক্রমণও দ্রুত বাড়তে দেখা যায়। বিশেষ করে যাদের ত্বক সংবেদনশীল, তাদের ক্ষেত্রে সমস্যাগুলো আরও বেশি দেখা দেয়।
বিশেষজ্ঞদের মতে, এই সময়ে শুধু বাইরের আবহাওয়াই নয়, শরীরের ভেতরের অবস্থাও ত্বকের ওপর প্রভাব ফেলে। যেমন—পেট খারাপ, ডায়রিয়া বা হজমের সমস্যার কারণে শরীরে পানির ঘাটতি তৈরি হলে ত্বক শুষ্ক হয়ে যায় এবং অ্যালার্জি বা দাগের প্রবণতা বাড়ে।
অনেক ক্ষেত্রে কনট্যাক্ট ডার্মাটাইটিস-এর মতো সমস্যাও দেখা দেয়, যেখানে কোনো কিছু স্পর্শ করার পর ত্বকে লালচে ভাব, চুলকানি বা জ্বালা তৈরি হয়।
এই পরিস্থিতিতে ত্বকের বাড়তি যত্ন নেওয়া জরুরি। কিছু সহজ ঘরোয়া পদ্ধতি নিয়মিত ব্যবহার করলে ত্বকের সমস্যা অনেকটাই নিয়ন্ত্রণে রাখা যায়।
ঘি ও দুধের প্যাক
ঘি ও দুধের তৈরি প্যাক ত্বকের জন্য বেশ উপকারী। ঘি- তে থাকা ভিটামিন এ, ডি ও ই ত্বককে ভেতর থেকে পুষ্টি দেয় এবং সংক্রমণের ঝুঁকি কমায়। কাঁচা দুধ, বেসন ও সামান্য ঘি মিশিয়ে একটি পেস্ট তৈরি করে শরীরে লাগালে ত্বকের শুষ্কতা কমে এবং র্যাশ বা খসখসে ভাব কিছুটা কমে আসে।
পেপারমিন্ট তেল
চুলকানি বা জ্বালাপোড়ার সমস্যা হলে পেপারমিন্ট তেল ব্যবহার করা যেতে পারে। এটি ত্বকে ঠান্ডা অনুভূতি দেয়, ফলে অস্বস্তি কমে এবং প্রদাহ কিছুটা নিয়ন্ত্রণে আসে। তবে সরাসরি বেশি পরিমাণে ব্যবহার না করে হালকা করে লাগানো ভালো।
নিমপাতা ও কাঁচা হলুদের প্যাক
এছাড়া নিমপাতা ও কাঁচা হলুদের মিশ্রণ ত্বকের সংক্রমণ প্রতিরোধে কার্যকর। নিমের প্রাকৃতিক অ্যান্টি-ফাঙ্গাল ও অ্যান্টি-ব্যাক্টেরিয়াল গুণ ত্বক পরিষ্কার রাখতে সাহায্য করে। আক্রান্ত স্থানে এই প্যাক লাগিয়ে কিছুক্ষণ রেখে ধুয়ে ফেললে উপকার পাওয়া যায়।
শিয়া বাটার ও নারকেল তেলের প্যাক
যাদের ত্বকে অ্যালার্জি বা একজিমা-এর মতো সমস্যা আছে, তাদের জন্য শিয়া বাটার ও নারকেল তেলের মিশ্রণ ভালো কাজ করতে পারে। এতে ভিটামিন এ ও ইউক্যালিপটাস তেল মিশিয়ে ব্যবহার করলে ত্বক আর্দ্র থাকে, জ্বালা কমে এবং ত্বক ধীরে ধীরে স্বাভাবিক অবস্থায় ফিরে আসে।
তবে শুধু এসব প্যাক ব্যবহার করলেই হবে না। এই সময়ে নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্ন থাকা, অতিরিক্ত ঘাম হলে দ্রুত শুকনো কাপড় পরা, হালকা ও আরামদায়ক পোশাক ব্যবহার করা এবং পর্যাপ্ত পানি পান করাও খুব গুরুত্বপূর্ণ।
সব মিলিয়ে, আবহাওয়ার এই পরিবর্তনের সময় ত্বককে সুস্থ রাখতে সচেতনতা জরুরি। সময়মতো যত্ন নিলে এবং ছোটখাটো সমস্যা অবহেলা না করলে বড় ধরনের ত্বকের জটিলতা এড়ানো সম্ভব।

