...|...|...

বিনোদন

বিয়ের প্রতিশ্রুতিতে যৌন হেনস্তা, ১৪ দিনের রিমান্ডে সেই অভিনেতা

টাইমস টুডে ডেস্ক
প্রকাশ: ২২ সেপ্টেম্বর ২০২৬, সকাল ১১:০৫
Shares
বিয়ের প্রতিশ্রুতিতে যৌন হেনস্তা, ১৪ দিনের রিমান্ডে সেই অভিনেতা

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে এক তরুণীর সাথে প্রতারণা ও যৌন হেনস্তার অভিযোগে সাবেক কুস্তিগির ও অভিনেতা সৌরভ গুর্জরের ১৪ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। মুম্বাই বিমানবন্দর থেকে আটকের পর তাকে হায়দরাবাদে নিয়ে যায় পুলিশ।

পরে ম্যাজিস্ট্রেটের আদালতে হাজির করা হলে রবিবার (২০ সেপ্টেম্বর) তাকে ১৪ দিনের বিচারিক হেফাজতে পাঠানোর নির্দেশ দেওয়া হয়।

তবে সৌরভের বিরুদ্ধে ওঠা অভিযোগ এখনো আদালতে প্রমাণিত হয়নি। বিষয়টি নিয়ে তদন্ত চালিয়ে যাচ্ছে পুলিশ।

ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, হায়দরাবাদের গাচিবাউলি থানায় গত ১৫ আগস্ট ২৯ বছর বয়সী এক নারী সৌরভের বিরুদ্ধে অভিযোগ করেন।

তার দাবি, সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামের মাধ্যমে ২০২১ সালে সৌরভের সাথে পরিচয় ও সম্পর্ক গড়ে ওঠে। পরে ভারত ও যুক্তরাষ্ট্র—দুই দেশেই তাদের সম্পর্ক চলতে থাকে।

‘টাইমস অব ইন্ডিয়া’র প্রতিবেদন অনুযায়ী, ২০২১ সালের ২৫ ডিসেম্বর প্রথমবার সৌরভের সাথে সরাসরি দেখা হয় ওই নারীর। পরবর্তী সময়ে সৌরভ তাকে জানান, তিনি আগে থেকেই বিবাহিত।

তবে এরপরও ভবিষ্যতে একসাথে সংসার করার প্রতিশ্রুতি দিতে থাকেন বলে অভিযোগ করেন ওই নারী।
অভিযোগে ওই নারী দাবি করেন, সৌরভ তাকে স্ত্রী হিসেবে মর্যাদা দেওয়ার এবং পরবর্তী সময়ে একসাথে সংসার করার আশ্বাস দিয়েছিলেন। কিন্তু বিয়ের প্রসঙ্গ উঠলেই তিনি যোগাযোগ বন্ধ করে দিতেন বলে অভিযোগ। এমনকি ফোন ও সামাজিক যোগাযোগ মাধ্যমে তাকে ব্লক করে কোনো ধরনের পূর্বাভাস ছাড়াই যোগাযোগ বিচ্ছিন্ন করতেন বলেও দাবি করেন ওই নারী।

অভিযোগকারীর দাবি, সৌরভের সাথে থাকার জন্য যুক্তরাষ্ট্রের চাকরিও ছেড়ে দিয়েছিলেন তিনি।

এর ফলে আর্থিক ক্ষতির পাশাপাশি মানসিক হয়রানি ও আবেগজনিত সমস্যার মধ্যেও পড়েন বলে অভিযোগ করেন ওই নারী।

অভিযোগ অনুযায়ী, ২০২৫ সালের অক্টোবর থেকে ২০২৬ সালের মার্চ পর্যন্ত সৌরভ তার সাথে ছিলেন। এরপর যোগাযোগ বন্ধ করে দেন। পরে সৌরভ তাকে হায়দরাবাদে যাওয়ার ক্ষেত্রে সহযোগিতা করলেও সম্পর্ক ও বিয়ের প্রতিশ্রুতি নিয়ে জটিলতার সমাধান হয়নি বলে দাবি করেন ওই নারী। এরপরই পুলিশের দ্বারস্থ হন তিনি।

অভিযোগের ভিত্তিতে গাচিবাউলি পুলিশ ভারতীয় ন্যায় সংহিতার ৬৯ ধারায় মামলা করেছে। এই ধারায় প্রতারণামূলক উপায়ে যৌন সম্পর্ক স্থাপনের বিষয়টি অন্তর্ভুক্ত।

গাচিবাউলি থানার পরিদর্শক কে সাইদুল সৌরভের গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, সৌরভের বিরুদ্ধে লুকআউট সার্কুলার (এলওসি) জারি করা হয়েছিল। ১৭ সেপ্টেম্বর রাতে মধ্যপ্রাচ্য থেকে মুম্বাই বিমানবন্দরে পৌঁছানোর পর অভিবাসন কর্মকর্তারা তাকে আটক করেন। পরে গাচিবাউলি থানার একটি দল তাকে হায়দরাবাদে নিয়ে যায় এবং ম্যাজিস্ট্রেটের আদালতে হাজির করে। সেখানেই তাকে বিচারিক হেফাজতে পাঠানো হয়।

সৌরভ গুর্জর ‘মহাভারত’ ধারাবাহিকে ভীম চরিত্রে অভিনয় করে পরিচিতি পান। পরে ‘ব্রহ্মাস্ত্র: পার্ট ওয়ান—শিবা’ সিনেমায় ‘জোর’ চরিত্রেও অভিনয় করেন।