সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা মামলায় চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) আসনের সাবেক সংসদ সদস্য মাহফুজুর রহমান মিতার ছয় দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। একই মামলায় তার গাড়িচালক গোলাম মাওলা সেলিমের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করা হয়েছে।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) তাদের ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পুলিশ। মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে তদন্ত কর্মকর্তা তাদের ১০ দিনের রিমান্ড আবেদন করেন। অন্যদিকে আসামিপক্ষের আইনজীবীরা রিমান্ড বাতিল করে জামিনের আবেদন করেন।
উভয় পক্ষের শুনানি শেষে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলাম তাদের জামিন আবেদন নামঞ্জুর করে মাহফুজুর রহমান মিতার ছয় দিন এবং গোলাম মাওলা সেলিমের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
এর আগে সোমবার দিবাগত রাতে রাজধানীর গুলশানের একটি বাসা থেকে মাহফুজুর রহমান মিতা ও তার গাড়িচালককে আটক করা হয়।
মামলার অভিযোগে বলা হয়েছে, গত ১৮ জুন রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল থানা এলাকার শহীদ তাজউদ্দীন আহমদ সরণির মহাখালী বাস টার্মিনালসংলগ্ন ইউটার্নে পাকা সড়কের ওপর নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও আওয়ামী লীগের অঙ্গসংগঠনের কয়েকজন সদস্য অবৈধ মিছিল করেন। এ সময় তারা বিভিন্ন স্লোগান দেন এবং ককটেল বিস্ফোরণ ঘটান।
অভিযোগে আরও বলা হয়, আসামিরা রাষ্ট্রের সংহতি, জননিরাপত্তা ও সার্বভৌমত্ব বিপন্ন করার উদ্দেশ্যে সন্ত্রাসী কর্মকাণ্ডে জনগণকে উদ্বুদ্ধ করতে ষড়যন্ত্র ও প্ররোচনায় জড়িত ছিলেন। এ ঘটনায় তেজগাঁও শিল্পাঞ্চল থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা করা হয়।
তবে মামলার অভিযোগগুলো আদালতে প্রমাণিত না হওয়া পর্যন্ত এগুলোকে অভিযোগ হিসেবেই বিবেচনা করা হচ্ছে।


