...|...|...

বিশ্ব

বিশ্ববাজারে কমল স্বর্ণের দাম

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ৭ অক্টোবর ২০২৬, সকাল ১০:৫৭ | আপডেট: ৭ অক্টোবর ২০২৬, সকাল ১১:৩৪
Shares
বিশ্ববাজারে কমল স্বর্ণের দাম

ছবি: সংগৃহীত

বিশ্ববাজারে  স্বর্ণের দাম কিছুটা কমেছে। যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভের সেপ্টেম্বরের সভার কার্যবিবরণী প্রকাশের অপেক্ষায় রয়েছেন বিনিয়োগকারীরা। এতে ভবিষ্যতে সুদের হার বাড়ানোর বিষয়ে নীতিনির্ধারকদের অবস্থানের ইঙ্গিত পাওয়া যেতে পারে।

সংবাদমাধ্যম রয়টার্স  জানায়, গ্রিনিচ মান সময় অনুযায়ী রাত ১টা ৪৫ মিনিটে স্পট গোল্ডের দাম ০.৩ শতাংশ কমে প্রতি আউন্স ৪ হাজার ১৫০ দশমিক ২৩ ডলারে নেমে আসে। আর যুক্তরাষ্ট্রের গোল্ড ফিউচার্সের দাম ০.২ শতাংশ কমে দাঁড়ায় ৪ হাজার ১৭৭ দশমিক ৬০ ডলারে।

নাগা ডটকমের বাজার বিশ্লেষক ফ্রাঙ্ক ওয়ালবাম বলেন, স্বর্ণের দাম তুলনামূলকভাবে স্থিতিশীল থাকলেও কিছুটা নিম্নমুখী হতে পারে। সভার কার্যবিবরণীতে ফেডের মুদ্রানীতি ও সুদের হার বাড়ানোর বিষয়ে নীতিনির্ধারকদের অবস্থান স্পষ্ট হতে পারে।

ফেড কর্মকর্তাদের সাম্প্রতিক বক্তব্যেও মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে কঠোর অবস্থানের ইঙ্গিত পাওয়া গেছে। সান ফ্রান্সিসকো ফেডের প্রেসিডেন্ট মেরি ডেলি বলেছেন, মূল্যস্ফীতি বাড়ানোর কারণগুলো কমছে কি না, তার ওপর সুদের হার বাড়ানোর সিদ্ধান্ত নির্ভর করবে। কানসাস সিটি ফেডের প্রেসিডেন্ট জেফ শ্মিড বলেছেন, মূল্যস্ফীতি কমাতে সুদের হার আরও বাড়ানো প্রয়োজন।

সাম্প্রতিক দুর্বল অর্থনৈতিক তথ্যে অক্টোবরে সুদের হার বাড়ানোর প্রত্যাশা কমলেও, ডিসেম্বরের মধ্যে হার বাড়ার ৮৫ শতাংশ সম্ভাবনা দেখছেন ব্যবসায়ীরা। উচ্চ সুদের হারে বিনিয়োগকারীরা সাধারণত স্বর্ণের বদলে আয় দেয় এমন সম্পদের দিকে ঝোঁকেন।

এদিকে, সোরেন্টোতে লন্ডন বুলিয়ন মার্কেট অ্যাসোসিয়েশনের বার্ষিক সম্মেলনে প্রতিনিধিরা পূর্বাভাস দিয়েছেন, আগামী ১২ মাসে স্বর্ণের দাম প্রতি আউন্স ৫ হাজার ১৩ ডলারে উঠতে পারে।

এদিকে স্পট সিলভারের দাম প্রায় ১ শতাংশ কমে ৬১ দশমিক ১২ ডলার, প্ল্যাটিনাম ০.২ শতাংশ বেড়ে ১ হাজার ৭০৪ দশমিক ২৫ ডলার এবং প্যালাডিয়াম ০.৩ শতাংশ কমে ১ হাজার ১৬৮ দশমিক ২০ ডলারে দাঁড়িয়েছে।