টানা দরপতনের পর দেশের বাজারে ১৩ মাস পর ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ২ লাখ টাকার নিচে নেমেছে। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের (বাজুস) সর্বশেষ নির্ধারিত দর অনুযায়ী, এখন ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণ কিনতে ক্রেতাদের গুনতে হচ্ছে ১ লাখ ৯৪ হাজার ৯৬৪ টাকা। তবে আন্তর্জাতিক বাজারদর ও দেশভিত্তিক কর-শুল্কের হিসাব বলছে, বিশ্বের অন্তত ১০টি দেশে বাংলাদেশের চেয়ে অনেক কম খরচে—ভরিপ্রতি প্রায় ১ লাখ ৬৫ হাজার টাকায়—স্বর্ণ কেনার সুযোগ রয়েছে।
আন্তর্জাতিক বাজারে স্বর্ণের মূল দাম সব দেশেই প্রায় অভিন্ন। তবে আমদানি শুল্ক, ভ্যাট, বিক্রয়কর, মুদ্রার বিনিময় হার এবং স্থানীয় বাজারের অতিরিক্ত খরচের কারণে দেশভেদে স্বর্ণের চূড়ান্ত দামে পার্থক্য তৈরি হয়।
গত ২০ নভেম্বরের আন্তর্জাতিক বাজারের তথ্য অনুযায়ী, ২৪ ক্যারেট স্বর্ণের প্রতি আউন্সের দাম ছিল ৩ হাজার ৫৩৪ দশমিক ৪২ মার্কিন ডলার এবং প্রতি গ্রাম ১১৩ দশমিক ৬৩ ডলার। এই দর ধরে প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম বাংলাদেশি মুদ্রায় দাঁড়ায় প্রায় ১ লাখ ৬৪ হাজার ৯৩৮ টাকা।
তুলনামূলক তথ্য অনুযায়ী, বিশ্বের ৩০টি দেশে বিনিয়োগের উদ্দেশ্যে কেনা স্বর্ণের বার ও কয়েনের ওপর কোনো ভ্যাট বা আমদানি শুল্ক নেই। এসব দেশে আন্তর্জাতিক বাজারদরের সাথে কেবল বিক্রেতার মুনাফা বা সামান্য প্রিমিয়াম যোগ হয়। এমন ১০টি দেশ—
১. সংযুক্ত আরব আমিরাত
সংযুক্ত আরব আমিরাতে বিনিয়োগের জন্য স্বর্ণের বার ও কয়েন কেনার ক্ষেত্রে ভ্যাট ও আমদানি শুল্ক নেই। ফলে আন্তর্জাতিক বাজারদরের কাছাকাছি দামে ২৪ ক্যারেট স্বর্ণ কেনা যায়। বাংলাদেশি মুদ্রায় প্রতি ভরি স্বর্ণের আনুমানিক দাম ১ লাখ ৬৪ হাজার ৯৩৮ টাকা। তবে গয়না কেনার ক্ষেত্রে ৫ শতাংশ ভ্যাট প্রযোজ্য। বিদেশি পর্যটকেরা নির্ধারিত নিয়মে গয়না কেনার ওপর দেওয়া ভ্যাট ফেরত চাইতে পারেন।
২. হংকং
হংকংয়ে স্বর্ণ কেনার ক্ষেত্রে ভ্যাট বা বিক্রয়কর নেই। এ কারণে বিনিয়োগের জন্য স্বর্ণের বার ও কয়েন কেনা তুলনামূলক সাশ্রয়ী। আন্তর্জাতিক বাজারদর অনুযায়ী, প্রতি ভরি স্বর্ণের আনুমানিক দাম ১ লাখ ৬৪ হাজার ৯৩৮ টাকা। গয়নার ক্ষেত্রেও স্বর্ণের মূল্যের ওপর কর নেই। তবে দোকানভেদে বিক্রয়মূল্য ও তৈরির মজুরিতে পার্থক্য হতে পারে।
৩. সিঙ্গাপুর
সিঙ্গাপুরে বিনিয়োগের উপযোগী স্বর্ণের বার ও কয়েনের ওপর কোনো জিএসটি বা আমদানি শুল্ক নেই। ফলে আন্তর্জাতিক বাজারদরের কাছাকাছি দামে স্বর্ণ কেনার সুযোগ রয়েছে। প্রতি ভরি স্বর্ণের আনুমানিক দাম ১ লাখ ৬৪ হাজার ৯৩৮ টাকা। তবে গয়না কেনার ক্ষেত্রে ৯ শতাংশ জিএসটি প্রযোজ্য। পর্যটকেরা নির্ধারিত শর্ত পূরণ করলে কর ফেরত পাওয়ার সুযোগ পান।
৪. সুইজারল্যান্ড
স্বর্ণ পরিশোধন ও বাণিজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ কেন্দ্র সুইজারল্যান্ড। দেশটিতে বিনিয়োগযোগ্য স্বর্ণের বার ও কয়েনের ওপর কোনো ভ্যাট নেই। ফলে আন্তর্জাতিক বাজারের দামের কাছাকাছি স্বর্ণ কেনা যায়। প্রতি ভরি স্বর্ণের আনুমানিক দাম ১ লাখ ৬৪ হাজার ৯৩৮ টাকা। তবে গয়না কেনার ক্ষেত্রে ৮ দশমিক ১ শতাংশ ভ্যাট রয়েছে।
৫. যুক্তরাজ্য
যুক্তরাজ্যে বিনিয়োগের জন্য নির্ধারিত যোগ্যতার স্বর্ণের বার ও কয়েন ভ্যাটমুক্ত। এ কারণে স্বর্ণের বিনিয়োগকারীরা আন্তর্জাতিক বাজারদরের কাছাকাছি দামে স্বর্ণ কেনার সুযোগ পান। প্রতি ভরি স্বর্ণের আনুমানিক দাম ১ লাখ ৬৪ হাজার ৯৩৮ টাকা। তবে স্বর্ণের গয়না কেনার ক্ষেত্রে ২০ শতাংশ ভ্যাট দিতে হয়।
৬. যুক্তরাষ্ট্র
যুক্তরাষ্ট্রে বিনিয়োগের উপযোগী স্বর্ণের বার ও কয়েনের ওপর সাধারণভাবে কোনো কেন্দ্রীয় বিক্রয়কর নেই। তবে অঙ্গরাজ্য ও স্থানীয় প্রশাসনের নিয়ম অনুযায়ী বিক্রয়কর প্রযোজ্য হতে পারে। আন্তর্জাতিক বাজারদরের হিসাবে প্রতি ভরি স্বর্ণের আনুমানিক দাম ১ লাখ ৬৪ হাজার ৯৩৮ টাকা। অন্যদিকে গয়না কেনার ক্ষেত্রে গড়ে ৭ দশমিক ৫৩ শতাংশ বিক্রয়করের প্রভাব রয়েছে।
৭. জার্মানি
জার্মানিতে বিনিয়োগের জন্য নির্ধারিত স্বর্ণের বার ও কয়েন ভ্যাটমুক্ত। ফলে আন্তর্জাতিক বাজারদরের কাছাকাছি দামে ২৪ ক্যারেট স্বর্ণ কেনা যায়। প্রতি ভরি স্বর্ণের আনুমানিক দাম ১ লাখ ৬৪ হাজার ৯৩৮ টাকা। তবে গয়না কেনার ক্ষেত্রে ১৯ শতাংশ ভ্যাট প্রযোজ্য।
৮. কুয়েত
কুয়েতে স্বর্ণের বার ও কয়েন কেনার ক্ষেত্রে ভ্যাট ও আমদানি শুল্ক নেই। এ কারণে দেশটিতে আন্তর্জাতিক বাজারদরের কাছাকাছি দামে স্বর্ণ কেনা সম্ভব। প্রতি ভরি স্বর্ণের আনুমানিক দাম ১ লাখ ৬৪ হাজার ৯৩৮ টাকা। গয়নার স্বর্ণের ওপরও কর নেই বলে দেশটি স্বর্ণ ক্রেতাদের কাছে আকর্ষণীয়।
৯. কাতার
কাতারেও বিনিয়োগের জন্য স্বর্ণের বার ও কয়েনের ওপর কোনো ভ্যাট বা আমদানি শুল্ক নেই। ফলে আন্তর্জাতিক বাজারের দামের সঙ্গে বিক্রেতার নির্ধারিত মুনাফা যোগ করে স্বর্ণ বিক্রি হয়। প্রতি ভরি স্বর্ণের আনুমানিক দাম ১ লাখ ৬৪ হাজার ৯৩৮ টাকা। গয়নার স্বর্ণের মূল্যের ওপরও কর নেই।
১০. মালয়েশিয়া
মালয়েশিয়ায় বিনিয়োগযোগ্য স্বর্ণের বার ও কয়েনের ওপর কোনো ভ্যাট বা আমদানি শুল্ক নেই। এ কারণে আন্তর্জাতিক বাজারদরের কাছাকাছি দামে স্বর্ণ কেনার সুযোগ রয়েছে। প্রতি ভরি স্বর্ণের আনুমানিক দাম ১ লাখ ৬৪ হাজার ৯৩৮ টাকা। গয়নার স্বর্ণের মূল্যের ওপরও কর নেই।
কোথায় সবচেয়ে বেশি দাম, বাংলাদেশের অবস্থান কোথায়
কর ও শুল্কের হিসাবে সবচেয়ে বেশি দামে স্বর্ণ কিনতে হয় নেপালে। দেশটিতে ২০ শতাংশ আমদানি শুল্ক ও শূন্য দশমিক ৫ শতাংশ ‘স্কিল প্রমোশন ফি’ মিলিয়ে আন্তর্জাতিক বাজারদরের চেয়ে ২০ দশমিক ৬ শতাংশ বেশি দামে স্বর্ণ বিক্রি হয়। সেখানে প্রতি ভরি স্বর্ণের দাম বাংলাদেশি মুদ্রায় প্রায় ১ লাখ ৯৮ হাজার ৯২৫ টাকা।
বাংলাদেশের বাজারে বিনিয়োগযোগ্য স্বর্ণের বার ও কয়েনের ক্ষেত্রে ১ শতাংশ ভ্যাট ও ২ শতাংশ শুল্কের কারণে আন্তর্জাতিক মূল্যের তুলনায় প্রায় ৩ শতাংশ বাড়তি খরচ হয়। আন্তর্জাতিক স্পট হিসাব অনুযায়ী দেশে প্রতি ভরি স্বর্ণের দাম প্রায় ১ লাখ ৬৯ হাজার ৮৮২ টাকা হওয়ার কথা। তবে বাজুস স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের দাম ও অন্যান্য আনুষঙ্গিক বিষয় বিবেচনায় নিয়ে গয়নার দর নির্ধারণ করে বলে আন্তর্জাতিক দরের সঙ্গে এর সরাসরি মিল থাকে না।
বাজুসের সর্বশেষ ঘোষণা অনুযায়ী, দেশের বাজারে ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ ১ লাখ ৯৪ হাজার ৯৬৪ টাকা, ২১ ক্যারেট ১ লাখ ৮৬ হাজার ২১৬ টাকা, ১৮ ক্যারেট ১ লাখ ৫৯ হাজার ৯৭২ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণ ১ লাখ ৩০ হাজার ৩৪৫ টাকায় বিক্রি হচ্ছে।
এদিকে গয়নার স্বর্ণের ওপর করের ক্ষেত্রেও দেশভেদে বড় পার্থক্য রয়েছে। মিসর, হংকং, কুয়েত, মালয়েশিয়া, কাতার, থাইল্যান্ড, তুরস্ক ও ভিয়েতনামে গয়নার মূল্যের ওপর কোনো কর নেই। বিপরীতে আয়ারল্যান্ড ও পোল্যান্ডে ২৩ শতাংশ, ভারতে ১৮ দশমিক ৫ শতাংশ, অস্ট্রেলিয়া ও জাপানে ১০ শতাংশ, সিঙ্গাপুরে ৯ শতাংশ এবং যুক্তরাষ্ট্রে গড়ে ৭ দশমিক ৫৩ শতাংশ কর প্রযোজ্য রয়েছে।


