...|...|...

বিশ্ব

বিশ্বের শক্তিশালী পাসপোর্টে শীর্ষে আমিরাত, বাংলাদেশের অবস্থান কত

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ২৫ নভেম্বর ২০২৬, রাত ৯:০৩
Shares
বিশ্বের শক্তিশালী পাসপোর্টে শীর্ষে আমিরাত, বাংলাদেশের অবস্থান কত

ছবি: সংগৃহীত

বিশ্বের সবচেয়ে শক্তিশালী পাসপোর্টের তালিকায় শীর্ষস্থান ধরে রেখেছে সংযুক্ত আরব আমিরাত (ইউএই)। অন্যদিকে, আর্টন ক্যাপিটালের ২০২৬ সালের রিয়েল-টাইম পাসপোর্ট সূচকে বাংলাদেশের অবস্থান গ্লোবাল র‌্যাংকে ৯১তম।

আন্তর্জাতিক আর্থিক পরামর্শক প্রতিষ্ঠান আর্টন ক্যাপিটালের ‘গ্লোবাল পাসপোর্ট পাওয়ার র‌্যাংক’ অনুযায়ী, ১৮২ মোবিলিটি স্কোর নিয়ে প্রথম অবস্থানে রয়েছে ইউএই। দেশটির নাগরিকেরা ১৩৮টি দেশে ভিসা ছাড়া যেতে পারেন। আরও ৪৪টি গন্তব্যে অন-অ্যারাইভাল ভিসা বা ইলেকট্রনিক ট্রাভেল অথরাইজেশন (ইটিএ) সুবিধা পান।

শীর্ষ পাঁচে কারা

সূচকে ১৭৫ স্কোর নিয়ে যৌথভাবে দ্বিতীয় স্থানে রয়েছে সিঙ্গাপুর ও মালয়েশিয়া। ১৭৪ স্কোর নিয়ে তৃতীয় স্থানে স্পেন।

১৭৩ স্কোর নিয়ে জাপানের সঙ্গে যৌথভাবে চতুর্থ অবস্থানে রয়েছে ইউরোপের ১৬টি দেশ। এগুলো হলো—বেলজিয়াম, লুক্সেমবার্গ, ফ্রান্স, ডেনমার্ক, জার্মানি, সুইডেন, নেদারল্যান্ডস, ফিনল্যান্ড, ইতালি, সুইজারল্যান্ড, গ্রিস, পর্তুগাল, অস্ট্রিয়া, ক্রোয়েশিয়া, নরওয়ে ও আয়ারল্যান্ড।

১৭২ স্কোর নিয়ে পঞ্চম স্থানে রয়েছে মাল্টা।

বাংলাদেশের অবস্থান

আর্টন ক্যাপিটালের গ্লোবাল পাসপোর্ট পাওয়ার র‌্যাংকে বাংলাদেশ ৯১তম। একই অবস্থানে রয়েছে দক্ষিণ সুদান ও ইরিত্রিয়া।

তবে ১৯৯টি দেশ ও অঞ্চলকে আলাদাভাবে সাজানো ইন্ডিভিজুয়াল র‌্যাংকে বাংলাদেশের অবস্থান ১৯০তম।

সূচকের তথ্য অনুযায়ী, বাংলাদেশি পাসপোর্টধারীরা ১৫টি দেশে আগাম ভিসা ছাড়াই যেতে পারেন। আরও ২৮টি গন্তব্যে পৌঁছানোর পর অন-অ্যারাইভাল ভিসা পাওয়ার সুযোগ রয়েছে।

দক্ষিণ এশিয়ায় বাংলাদেশের চেয়ে এগিয়ে রয়েছে মালদ্বীপ, ভারত, ভুটান, শ্রীলঙ্কা ও নেপাল। বাংলাদেশের পেছনে আছে পাকিস্তান ও আফগানিস্তান।

আর্টন ক্যাপিটালের সূচকে ভিসামুক্ত প্রবেশ, অন-অ্যারাইভাল ভিসা, ইলেকট্রনিক ট্রাভেল অথরাইজেশন এবং তিন দিনের মধ্যে পাওয়া যায় এমন ই-ভিসার সুবিধা বিবেচনায় নেওয়া হয়।

প্রতিষ্ঠানটি দুই ধরনের তালিকা প্রকাশ করে—গ্লোবাল র‌্যাংক ও ইন্ডিভিজুয়াল র‌্যাংক। গ্লোবাল র‌্যাংকে একই স্কোর পাওয়া দেশগুলোকে যৌথ অবস্থানে রাখা হয়। আর ইন্ডিভিজুয়াল র‌্যাংকে প্রতিটি দেশ ও অঞ্চলকে আলাদা ক্রমে সাজানো হয়।

উল্লেখ্য, আর্টন ক্যাপিটালের পাসপোর্ট সূচক নিয়মিত হালনাগাদ করা হয়। এর হিসাবপদ্ধতি হেনলি পাসপোর্ট ইনডেক্সের তুলনায় ভিন্ন। এ কারণে একই দেশের অবস্থান দুই সূচকে আলাদা হতে পারে।