যুক্তরাষ্ট্রে শ্রমবাজারের ইতিবাচক তথ্য প্রকাশের পর দেশটির কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভের সুদের হার বাড়ানোর গুঞ্জন জোরালো হয়েছে। এর প্রভাবে আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দামে বড় ধস নেমেছে। শুক্রবার (৪ সেপ্টেম্বর) বিশ্ববাজারে ধাতুটির দাম ২ শতাংশের বেশি কমেছে।
বাংলাদেশ সময় শুক্রবার সন্ধ্যা ৭টা ১ মিনিটে আন্তর্জাতিক স্পট মার্কেটে প্রতি আউন্স স্বর্ণের দাম ২ দশমিক ২ শতাংশ কমে দাঁড়িয়েছে ৪ হাজার ৩৭৬ দশমিক ০৪ ডলারে। একই সময়ে যুক্তরাষ্ট্রে আগামী ডিসেম্বরে সরবরাহযোগ্য গোল্ড ফিউচারসের দাম ২ দশমিক ৪ শতাংশ কমে প্রতি আউন্স ৪ হাজার ৪২৮ দশমিক ৮০ ডলারে নেমে আসে।
বিদায়ী আগস্ট মাসে যুক্তরাষ্ট্রে কর্মসংস্থান নাটকীয়ভাবে বেড়েছে এবং বেকারত্বের হার ৪ দশমিক ১ শতাংশে স্থির রয়েছে। শ্রমবাজারের এই স্থিতিশীলতার কারণে চলতি সেপ্টেম্বরেই কেন্দ্রীয় ব্যাংকের সুদের হার বাড়ানোর সম্ভাবনা জোরালো হলো। বিশ্লেষকদের মতে, সুদের হার বাড়লে সুদবিহীন সম্পদ হিসেবে স্বর্ণের প্রতি বিনিয়োগকারীদের আকর্ষণ কমে যায়, যা মূল্যের বড় পতনে ভূমিকা রেখেছে।
আন্তর্জাতিক বাজারে স্বর্ণের পাশাপাশি কমেছে অন্যান্য ধাতুর দামও। রুপার দাম ৩ শতাংশ কমে প্রতি আউন্স ৬৪ দশমিক ৯২ ডলার এবং প্ল্যাটিনামের দাম ২ শতাংশ কমে ১ হাজার ৭৮৯ দশমিক ৬৭ ডলারে নেমেছে।
তবে এর আগে দেশের বাজারে স্বর্ণের দামে নতুন রেকর্ড তৈরি হয়েছিল। ভ্যাটসহ বর্তমানে দেশের বাজারে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণালঙ্কারের দাম পড়ছে ২ লাখ ৩৭ হাজার ৩৬২ টাকা। এ ছাড়া ২১ ক্যারেট ২ লাখ ২৬ হাজার ৬৯০ টাকা, ১৮ ক্যারেট ১ লাখ ৯৪ হাজার ৬১৪ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৫৮ হাজার ৯৮০ টাকা নির্ধারিত রয়েছে।


