...|...|...

বিশ্ব

বিশ্ববাজারে স্বর্ণের দামে পতন

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ২৭ অক্টোবর ২০২৬, সন্ধ্যা ৭:৫২ | আপডেট: ২৭ অক্টোবর ২০২৬, রাত ৮:৫৬
Shares
বিশ্ববাজারে স্বর্ণের দামে পতন

ছবি: সংগৃহীত

বিশ্ববাজারে স্বর্ণের দাম কমেছে। মঙ্গলবার (২৭ অক্টোবর) শক্তিশালী মার্কিন ডলার এবং দেশটির কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভের সুদের হারসংক্রান্ত সিদ্ধান্তের অপেক্ষায় বিনিয়োগকারীদের সতর্ক অবস্থানের কারণে এ দরপতন হয়েছে। তেলের উচ্চমূল্য থেকে সৃষ্ট মূল্যস্ফীতির উদ্বেগও স্বর্ণের বাজারে প্রভাব ফেলছে।

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, গ্রিনিচ মান সময় সকাল ১০টা ৪২ মিনিটে স্পট গোল্ডের দাম ০.৪ শতাংশ কমে প্রতি আউন্স ৪ হাজার ১ দশমিক ৫২ ডলারে নেমেছে। ডিসেম্বরে সরবরাহের জন্য নির্ধারিত মার্কিন স্বর্ণের ফিউচার দরও ০.৬ শতাংশ কমে প্রতি আউন্স ৪ হাজার ১৪ দশমিক ৪০ ডলারে দাঁড়িয়েছে।

এদিকে প্রধান মুদ্রাগুলোর বিপরীতে মার্কিন ডলারের সূচক ০.৩ শতাংশ বেড়ে প্রায় দুই সপ্তাহের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। এতে অন্যান্য মুদ্রা ব্যবহারকারীদের জন্য ডলারে মূল্য নির্ধারিত স্বর্ণ কেনা ব্যয়বহুল হয়ে উঠেছে।

অ্যাক্টিভট্রেডসের পরিচালক ও প্রধান নির্বাহী রিকার্ডো ইভানজেলিস্টা বলেন, শক্তিশালী ডলার ও ট্রেজারি বন্ডের উচ্চ মুনাফার চাপে রয়েছে স্বর্ণ। তেলের উচ্চমূল্যের কারণে মূল্যস্ফীতি নিয়ে উদ্বেগ বাড়ায় ফেডারেল রিজার্ভ কঠোর মুদ্রানীতি বজায় রাখতে পারে বলে ধারণা করা হচ্ছে।

চলতি সপ্তাহে ফেড সুদের হার অপরিবর্তিত রাখতে পারে বলে ধারণা করা হলেও ভবিষ্যতে তা বাড়ানোর সম্ভাবনা রয়েছে। সিএমইর ফেডওয়াচ টুলের তথ্য অনুযায়ী, আগামী ডিসেম্বরে যুক্তরাষ্ট্রে সুদের হার বাড়ার সম্ভাবনা ৮২ শতাংশ বলে মনে করছেন লেনদেনকারীরা।

বিনিয়োগকারীদের নজর রয়েছে বৃহস্পতিবার প্রকাশিতব্য যুক্তরাষ্ট্রের ব্যক্তিগত ভোগ ব্যয় (পিসিই) মূল্যসূচকের দিকেও। ফেডের কঠোর মুদ্রানীতির ইঙ্গিত বা প্রত্যাশার চেয়ে বেশি মূল্যস্ফীতির তথ্য এলে স্বর্ণের দাম প্রতি আউন্স ৪ হাজার ডলারের নিচে নেমে ৩ হাজার ৯০০ ডলারের দিকে যেতে পারে বলে সতর্ক করেছেন ইভানজেলিস্টা।

এদিকে অন্যান্য মূল্যবান ধাতুর দামও কমেছে। স্পট সিলভারের দাম ১.৩ শতাংশ কমে প্রতি আউন্স ৫৩ দশমিক ২৩ ডলার, প্ল্যাটিনামের দাম ১.৭ শতাংশ কমে ১ হাজার ৫০১ দশমিক ৩০ ডলার এবং প্যালাডিয়ামের দাম ২.৯ শতাংশ কমে ১ হাজার ১৯ দশমিক ৫০ ডলারে দাঁড়িয়েছে।