মার্কিন ডলারের দর ও ট্রেজারি বন্ডের ইয়েল্ড কমায় বিশ্ববাজারে আজ আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম কিছুটা বেড়েছে। একই সাথে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভের সেপ্টেম্বরের বৈঠকের কার্যবিবরণী প্রকাশের অপেক্ষায় রয়েছেন বিনিয়োগকারীরা। রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
আজ মঙ্গলবার (৬ অক্টোবর) বাংলাদেশ সময় রাত ৮টা ৯ মিনিটে বিশ্ববাজারে স্পট গোল্ডের দাম ০.৪ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৪ হাজার ১৫৫.৩৪ ডলারে উঠেছে। যুক্তরাষ্ট্রের ডিসেম্বরে সরবরাহের গোল্ড ফিউচারের দামও ০.৬ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৪ হাজার ১৮২.৩০ ডলারে পৌঁছেছে।
আমেরিকান গোল্ড এক্সচেঞ্জের বাজার বিশ্লেষক জিম ওয়াইকফ জানান, ফ্রান্সের বন্ডবাজারে অস্থিরতা ও যুক্তরাষ্ট্রের ট্রেজারি বাজার নিয়ে উদ্বেগের কারণে নিরাপদ বিনিয়োগ হিসেবে স্বর্ণের চাহিদা বেড়েছে।
অন্যান্য মুদ্রার ব্যবহারকারীদের কাছে ডলারে মূল্য নির্ধারিত স্বর্ণ তুলনামূলক সস্তা হওয়ায় বাজার ঘুরে দাঁড়িয়েছে। একই সময়ে ইউরোজোনের বিভিন্ন দেশে সরকারি ঋণ বৃদ্ধি ও বাজেট ঘাটতি নিয়েও অনিশ্চয়তা তৈরি হয়েছে।
এদিকে মধ্যপ্রাচ্য থেকে অপরিশোধিত জ্বালানি তেলের সরবরাহ স্থিতিশীল থাকায় ও জি-৭ জোটের জরুরি মজুত থেকে তেল ছাড়ার সিদ্ধান্তে বিশ্ববাজারে তেলের দাম কমেছে।
অন্যান্য মূল্যবান ধাতুর মধ্যে স্পট সিলভারের দাম প্রায় অপরিবর্তিত থেকে প্রতি আউন্স ৬১.০১ ডলারে লেনদেন হচ্ছে। তবে প্লাটিনামের দাম ২ শতাংশ কমে ১ হাজার ৬৮৭.৭০ ডলার এবং প্যালাডিয়ামের দাম ১.১ শতাংশ কমে ১ হাজার ১৬০.৩৮ ডলারে নেমেছে।


