মধ্যপ্রাচ্য থেকে তেল সরবরাহ স্বাভাবিক হতে থাকায় বিশ্ববাজারে কমেছে জ্বালানি তেলের দাম। যুদ্ধের প্রভাব ও জাহাজে হামলার ঘটনা অব্যাহত থাকলেও হরমুজ প্রণালি দিয়ে তেল পরিবহন প্রায় যুদ্ধপূর্ব অবস্থায় ফিরে এসেছে। পাশাপাশি চীনের তেল শোধনাগারগুলোতে উৎপাদন কমে যাওয়ায় অপরিশোধিত তেলের চাহিদা হ্রাসের ইঙ্গিত পাওয়া গেছে।
সংবাদমাধ্যম আল-জাজিরা জানায়, সোমবার (১৬ নভেম্বর) আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুড তেলের দাম ব্যারেলপ্রতি ৫৪ সেন্ট বা শূন্য দশমিক ৬ শতাংশ কমে ৯৫ দশমিক ৩০ ডলারে দাঁড়ায়। গ্রিনিচ মান সময় ভোর ৪টা ২৭ মিনিটে এ দর রেকর্ড করা হয়।
বিশ্লেষকদের মতে, বিশ্ববাজারে তেলের সরবরাহ চাহিদার তুলনায় বেড়ে যাওয়ার আশঙ্কায় দাম কমছে। মধ্যপ্রাচ্য থেকে তেল রপ্তানি পুনরুদ্ধার এবং চীনে তেলের চাহিদা কমার প্রবণতা বাজারে এর প্রভাব ফেলছে।
এদিকে, আন্তর্জাতিক জ্বালানি সংস্থা (আইইএ) শুক্রবার জানিয়েছে, চলতি বছরের চতুর্থ প্রান্তিকে বিশ্ববাজারে তেলের সরবরাহ চাহিদাকে ছাড়িয়ে যেতে পারে। এতে বাজারে অতিরিক্ত সরবরাহের পরিস্থিতি তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে।


