মধ্যপ্রাচ্য সংঘাত ও উপসাগরীয় অঞ্চলে তেল রফতানিতে বিঘ্ন ঘটার কারণে বিশ্ববাজারে ডিজেলের ঘাটতি ও উচ্চমূল্য সহসা কাটছে না বলে সতর্ক করেছে আন্তর্জাতিক জ্বালানি সংস্থা (আইইএ)। প্যারিসভিত্তিক সংস্থাটির পূর্বাভাস অনুযায়ী, জ্বালানি এই সংকট পরিস্থিতি ২০২৭ সাল পর্যন্ত দীর্ঘস্থায়ী হতে পারে।
বুধবার (১৪ অক্টোবর) প্রকাশিত আইইএর সর্বশেষ মাসিক জ্বালানি বাজার প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, গ্যাসঅয়েল বা ডিজেলের বাজারের ভারসাম্য আগামী ২০২৭ সালের একটি বড় সময় জুড়ে চরম চাপের মুখে থাকবে। এই পরিস্থিতির স্থায়ী সমাধান অনেকটাই নির্ভর করছে মধ্যপ্রাচ্য অঞ্চল থেকে জ্বালানি পণ্যটির সরবরাহ পুনরায় স্বাভাবিক হওয়ার ওপর।
সাম্প্রতিক সপ্তাহগুলোতে পারস্য উপসাগরীয় অঞ্চল থেকে তেল রফতানি উল্লেখযোগ্যহারে হ্রাস পাওয়ার পাশাপাশি ইরানের পাল্টা হামলায় ওই অঞ্চলের বেশ কিছু শোধনাগার ক্ষতিগ্রস্ত হয়েছে। এর সরাসরি প্রভাব পড়েছে বিশ্ববাজারে, যার ফলে ইউরোপ ও যুক্তরাষ্ট্রে ডিজেলের দাম রেকর্ড উচ্চতায় গিয়ে ঠেকেছে।
পরিস্থিতি সামাল দেওয়ার উপায় ও চ্যালেঞ্জ
এই জ্বালানি সংকট মোকাবিলায় বিভিন্ন দেশের সরকার ইতিমধ্যেই জ্বালানি কর হ্রাস, ভর্তুকি প্রদান কিংবা কৌশলগত জরুরি মজুত (স্ট্র্যাটেজিক রিজার্ভ) থেকে তেল অবমুক্ত করার মতো পদক্ষেপ নিয়েছে। তবে বিশেষজ্ঞরা মনে করছেন, জরুরি মজুত থেকে তেল ছেড়ে পরিস্থিতি সামাল দেওয়া হলেও পরবর্তীতে সেই খালি হওয়া মজুতগুলো পুনরায় পূর্ণ করতে হবে, যা নতুন করে বাজারে চাপ সৃষ্টি করবে।
আইইএর পূর্বাভাস বলছে, আগামী বছরের প্রথম প্রান্তিক নাগাদ বিশ্বজুড়ে তেলের শোধনাগারগুলোর উৎপাদন সক্ষমতা পুনরুদ্ধার হতে পারে এবং তা ডিজেল বাজারে কিছুটা উদ্বৃত্ত পরিস্থিতি তৈরি করতে পারে। এর ফলে জ্বালানির মজুতও স্বাভাবিক ঋতুভিত্তিক ধারায় ফিরে আসবে বলে আশা করা হচ্ছে।
তবে সংস্থাটি সতর্ক করে জানিয়েছে, এই সাময়িক প্রবৃদ্ধি ইরান সংঘাত শুরুর পর থেকে বিশ্বজুড়ে তৈরি হওয়া বিপুল ঘাটতি পুরোপুরি পুষিয়ে নিতে সক্ষম হবে না। মূলক এই ভূরাজনৈতিক সংঘাতের কারণেই বিশ্বজুড়ে জ্বালানির দাম আকাশচুম্বী হয়ে আছে।
প্রতিবেদনের শেষাংশে হুশিয়ারি দিয়ে বলা হয়েছে, পারস্য উপসাগর থেকে জ্বালানি সরবরাহ দ্রুত স্বাভাবিক পর্যায়ে ফিরে না এলে বিশ্ব অর্থনীতিকে বড় ধরনের মূল্য দিতে হতে পারে এবং বাজারের ভারসাম্য রক্ষায় ক্রেতা ও দেশগুলোকে চাহিদায় আরও অতিরিক্ত কাটছাঁট করতে বাধ্য হতে হবে।


