...|...|...

খেলা

বিশ্বকাপ ফাইনালের রেফারির নাম ঘোষণা, কে এই ভিনচিচ

টাইমস টুডে স্পোর্টস
প্রকাশ: ১৭ জুলাই ২০২৬, দুপুর ২:৪৬ | আপডেট: ৩১ আগস্ট ২০২৬, রাত ২:১৪
Shares
বিশ্বকাপ ফাইনালের রেফারির নাম ঘোষণা, কে এই ভিনচিচ

স্লাভকো ভিনচিচ। ছবি: সংগৃহীত।

২০২৬ বিশ্বকাপের ফাইনাল পরিচালনার দায়িত্ব পেয়েছেন স্লোভেনিয়ার রেফারি স্লাভকো ভিনচিচ। আগামী রোববার নিউজার্সির মেটলাইফ স্টেডিয়ামে আর্জেন্টিনা ও স্পেনের মধ্যকার শিরোপা নির্ধারণী এই মেগা ম্যাচে প্রধান রেফারির বাঁশি বাজাবেন ৪৬ বছর বয়সী এই রেফারি।

যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় বৃহস্পতিবার রাতে ফাইনালের ম্যাচ কর্মকর্তাদের নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফা। মেটলাইফ স্টেডিয়ামের মাঠে ভিনচিচের সহকারী হিসেবে থাকবেন তারই স্বদেশি তোমাজ ক্লানচনিক ও আন্দ্রাজ কোভাচিচ। এ ছাড়া চতুর্থ রেফারি হিসেবে দায়িত্ব পালন করবেন জর্ডানের আধহাম মাখাদমেহ এবং রিজার্ভ সহকারী রেফারি হিসেবে থাকবেন কাতারের মোহাম্মদ আলকালাফ।

২০১০ সালে ফিফার আন্তর্জাতিক রেফারির স্বীকৃতি পাওয়ার পর থেকে দেড় দশক ধরে ইউরোপ ও আন্তর্জাতিক অঙ্গনের বড় বড় প্রতিযোগিতায় রেফারিং করে আসছেন ভিনচিচ। ক্লাব ফুটবলে ২০২৪ সালে রিয়াল মাদ্রিদ ও বরুসিয়া ডর্টমুন্ডের মধ্যকার উয়েফা চ্যাম্পিয়নস লিগের ফাইনালেও বাঁশি ছিল তার হাতে।

ফিফা বিশ্বকাপে ভিনচিচের অভিষেক হয় ২০২২ সালের কাতার আসরে। সেবার দুটি ম্যাচ পরিচালনার পর এবার ২০২৬ আসরে এরই মধ্যে তিনটি ম্যাচে দায়িত্ব পালন করেছেন তিনি।  চলতি আসরে গ্রুপ পর্বে ব্রাজিল-মরক্কো ও জর্ডান–আলজেরিয়া এবং শেষ বত্রিশে মেক্সিকো-ইকুয়েডরের ম্যাচ ছিল তার দায়িত্বে।  সব মিলিয়ে আর্জেন্টিনা-স্পেনের মধ্যকার এই ফাইনালটি হতে যাচ্ছে তার ক্যারিয়ারের ষষ্ঠ এবং এবারের আসরের চতুর্থ বিশ্বকাপ ম্যাচ।

আন্তর্জাতিক ক্যারিয়ারে এখন পর্যন্ত মাত্র একবারই আর্জেন্টিনার ম্যাচে রেফারিং করার অভিজ্ঞতা আছে ভিনচিচের। সেটি ছিল ২০২২ কাতার বিশ্বকাপের গ্রুপ পর্বে সৌদি আরবের বিপক্ষে।  সেই ম্যাচে ২-১ গোলে হেরে ৩৬ ম্যাচের অপরাজিত থাকার রেকর্ড হারিয়েছিল লিওনেল মেসির দল।  সেই ম্যাচের সপ্তম মিনিটে লেয়ান্দ্রো পারেদেসকে ফাউলের কারণে পেনাল্টি দিয়েছিলেন ভিনচিচ, যেখান থেকে গোল করেছিলেন মেসি। পুরো ম্যাচে সৌদি আরবের ছয় খেলোয়াড় হলুদ কার্ড দেখলেও আর্জেন্টিনার কেউ কার্ড দেখেননি।

অন্যদিকে, স্পেনের সঙ্গে ভিনচিচের রেফারিংয়ের পরিচয়টা বেশ পুরোনো।  ২০১৭ সালে কলম্বিয়ার বিপক্ষে একটি প্রীতি ম্যাচ দিয়ে শুরু, এরপর ২০২০ ইউরোয় স্পেন-সুইডেন ম্যাচ এবং ২০২৩ উয়েফা নেশনস লিগের সেমিফাইনালে স্পেন-ইতালি ম্যাচও পরিচালনা করেন তিনি।

স্প্যানিশ তরুণ তারকা লামিনে ইয়ামালের সঙ্গেও ভিনচিচের দুটি স্মরণীয় ম্যাচ জড়িয়ে আছে। ২০২৪ সালের ইউরোয় ইতালির বিপক্ষে স্পেনের ১-০ ব্যবধানে জয় এবং সেমিফাইনালে ফ্রান্সের বিপক্ষে ২-১ ব্যবধানে জেতা ম্যাচের বাঁশিও ছিল ভিনচিচের হাতে।  ফ্রান্সের বিপক্ষে সেই ম্যাচেই দুর্দান্ত এক দূরপাল্লার গোলে বিশ্বজুড়ে আলোচনায় এসেছিলেন ইয়ামাল।