মাঠ থেকে বহু আগেই বিদায় নিয়েছেন ডেভিড বেকহ্যাম, তবে বিশ্বকাপের আলোচনা থেকে দূরে নেই ইংল্যান্ডের সাবেক এই তারকা। ২০২৬ বিশ্বকাপকে কেন্দ্র করে বাণিজ্যিক দিক থেকে বড় সাফল্য পেয়েছেন তিনি। বিশ্বকাপের এই বছরে তার ব্যবসা থেকে বিতরণ করা মুনাফার পরিমাণ দাঁড়িয়েছে প্রায় ৩ কোটি ৮০ লাখ পাউন্ড, যা বাংলাদেশি মুদ্রায় ৬০০ কোটি টাকার বেশি।
ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য টেলিগ্রাফের বরাতে ফরাসি ওয়েবসাইট ফুট মেরকাতো জানিয়েছে, বেকহ্যামের ব্র্যান্ড ব্যবস্থাপনা প্রতিষ্ঠান বিভিন্ন আন্তর্জাতিক কোম্পানির সঙ্গে চুক্তির মাধ্যমে এই বড় অঙ্কের মুনাফা অর্জন করেছে।
বিশ্বকাপ চলাকালে ম্যাকডোনাল্ডস, ভেরাইজন, পেপসি ও লে’জের মতো বিশ্বখ্যাত প্রতিষ্ঠানের সঙ্গে বাণিজ্যিকভাবে যুক্ত ছিলেন বেকহ্যাম। এসব প্রতিষ্ঠানের বিজ্ঞাপন ও প্রচারণায় বেকহ্যামের ব্র্যান্ডের উপস্থিতি ছিল বেশ লক্ষণীয়।
শুধু মুনাফাই নয়, বিশ্বকাপের বছরে বেকহ্যামের ব্যবসার সামগ্রিক আয়ও বড় আকারে বেড়েছে। প্রতিবেদন অনুযায়ী, তার ব্র্যান্ডের আয় ২০ শতাংশ বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে ৮ কোটি ৪০ লাখ পাউন্ডে, বাংলাদেশি মুদ্রায় যার মূল্য প্রায় ১ হাজার ১০০ কোটি টাকা।
ইংল্যান্ড জাতীয় দল, ম্যানচেস্টার ইউনাইটেড ও রিয়াল মাদ্রিদের জার্সিতে খেলে বিশ্বজুড়ে যে খ্যাতি অর্জন করেছিলেন বেকহ্যাম, অবসরের পর সেই খ্যাতিকেই তিনি রূপান্তরিত করেছেন বিশাল এক বাণিজ্যিক সাম্রাজ্যে। খেলোয়াড়ি জীবন শেষ হলেও তার তারকাখ্যাতি এখনও বৈশ্বিক বাজারে বড় এক সম্পদ হিসেবে বিবেচিত হচ্ছে।


