ব্রাজিল জাতীয় দলের জার্সি নম্বর বণ্টনে এসেছে বড় ধরনের পরিবর্তন। প্রায় এক দশক ধরে নেইমারের পরিচিতি বহন করা মর্যাদাপূর্ণ ১০ নম্বর জার্সি এখন থেকে পরবেন রাফিনিয়া। এই জার্সি অতীতে পরেছেন পেলে ও রোনালদিনহোর মতো কিংবদন্তিরা, ফলে এটি ব্রাজিল ফুটবলে বিশেষ তাৎপর্যপূর্ণ। বার্সেলোনার এই ফরোয়ার্ডকে জাতীয় দলে ক্রমশ গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখছে কোচিং স্টাফ, এবং প্রতিপক্ষের রক্ষণ ভাঙার মূল পরিকল্পনাকারী হিসেবেই তাকে গড়ে তোলার ইঙ্গিত মিলছে এই সিদ্ধান্তে।
অন্যদিকে, দলে জায়গা না পাওয়া মাথেউস কুনহার ছেড়ে যাওয়া ৯ নম্বর জার্সি পেয়েছেন রিয়াল মাদ্রিদের তরুণ প্রতিভা এনড্রিক। এই সিদ্ধান্তের মধ্য দিয়ে বোঝা যাচ্ছে, আক্রমণভাগের মূল কেন্দ্রবিন্দু হিসেবে তাকে দীর্ঘমেয়াদে গড়ে তোলার পরিকল্পনা রয়েছে কোচিং শিবিরের।
শুধু আক্রমণভাগেই নয়, পুরো স্কোয়াড জুড়েই দেখা যাচ্ছে তারুণ্যনির্ভর পরিবর্তনের ছাপ। উদীয়মান তারকা এস্তেভাওকে দেওয়া হয়েছে ১১ নম্বর জার্সি, আর ভিনিসিউস জুনিয়র বহাল রেখেছেন তার পরিচিত ৭ নম্বর জার্সি। রক্ষণে অভিজ্ঞ দুই খেলোয়াড় মারকুইনহোস ও গ্যাব্রিয়েল মাগালহায়েস যথাক্রমে ৪ ও ৩ নম্বর জার্সি অক্ষুণ্ণ রেখেছেন, এবং গোলবারের নিচে ১ নম্বর জার্সি উঠেছে উগো সৌজার কাঁধে।
সব মিলিয়ে, বিশ্বকাপ-পরবর্তী সময়ে ব্রাজিল দলের এই জার্সি রদবদল স্পষ্ট করে দিচ্ছে- নেতৃত্ব ও দায়িত্বের ভার এখন ধীরে ধীরে নতুন প্রজন্মের কাঁধে তুলে দেওয়ার পথে হাঁটছে সেলেসাও।

