...|...|...

খেলা

গোল করে বন্দুক উদযাপন, ইসরায়েলি প্লেয়ারকে লাল কার্ড

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ২৫ সেপ্টেম্বর ২০২৬, দুপুর ১:০১
Shares
গোল করে বন্দুক উদযাপন, ইসরায়েলি প্লেয়ারকে লাল কার্ড

ছবি: সংগৃহীত

গোল করে দলকে সমতায় ফেরানোর পর অদ্ভুত উদযাপন করতে গিয়ে ম্যাচের শেষটা আর মাঠে থেকে দেখা হয়নি ইসরায়েলের তরুণ ফরোয়ার্ড সাইদ আবু ফারহির। কর্নার পতাকা হাতে নিয়ে সেটিকে রাইফেলের মতো ধরে গুলি ছোড়ার ভঙ্গি করায় দ্বিতীয় হলুদ কার্ড দেখেন তিনি। তার মাঠ ছাড়ার পর ১০ জনের ইসরায়েলকে শেষ পর্যন্ত ৩-১ গোলে হারিয়েছে অস্ট্রিয়া।

বৃহস্পতিবার রাতে অস্ট্রিয়ার লিনজের রাইফাইসেন অ্যারেনায় ইউয়েফা নেশনস লিগের ম্যাচে মুখোমুখি হয় দুই দল। প্রথমার্ধে ৪৩ মিনিটে পেনাল্টি থেকে রোমানো শ্মিডের গোলে এগিয়ে যায় স্বাগতিকেরা। বিরতির পর ৫৫ মিনিটে হেডে গোল করে ইসরায়েলকে সমতায় ফেরান আবু ফারহি।

গোলের পর আবু ফারহি দৌড়ে চলে যান কর্নার পতাকার কাছে। পতাকাটি তুলে হাঁটু গেড়ে বসে এর দণ্ডকে রাইফেলের মতো ধরে গুলি চালানোর ভঙ্গিতে উদযাপন করেন তিনি। কিন্তু এর কয়েক মিনিট আগেই একটি হলুদ কার্ড দেখেছিলেন এই ফরোয়ার্ড। ফলে উদযাপনের পর রেফারি জর্জি কাবাকভ তাকে দ্বিতীয় হলুদ কার্ড দেখান। সাথে সাথে লাল কার্ডও দেখতে হয় তাকে।

ফারহি মাঠ ছাড়ায় ম্যাচের বাকি সময় একজন কম নিয়ে খেলতে হয় ইসরায়েলকে। এই সুযোগ কাজে লাগিয়ে শেষ দিকে ম্যাচের নিয়ন্ত্রণ নেয় অস্ট্রিয়া। নির্ধারিত সময়ের ৯০তম মিনিটে ফিলিপ মোয়েনা গোল করে স্বাগতিকদের আবার এগিয়ে দেন।

এরপর যোগ করা সময়ে আরও একবার ইসরায়েলের জালে বল পাঠায় অস্ট্রিয়া। সাসা কালাইদজিচের গোলের মাধ্যমে ৩-১ ব্যবধান নিশ্চিত হয়। ফলে সমতায় ফেরার পরও শেষ পর্যন্ত বড় ব্যবধানে হার নিয়ে মাঠ ছাড়তে হয় ইসরায়েলকে।

আবু ফারহির জন্য ম্যাচটি ছিল জাতীয় দলের হয়ে মাত্র দ্বিতীয় উপস্থিতি। অস্ট্রিয়ার বিপক্ষেই আন্তর্জাতিক ফুটবলে নিজের প্রথম গোলের দেখা পান ২০ বছর বয়সী এই ফরোয়ার্ড। চলতি মাসে মাকাবি তেল আবিব ছেড়ে মেজর লিগ সকারের ক্লাব কলোরাডো র‍্যাপিডসে যোগ দিয়েছেন তিনি।

ফুটবলের নিয়ম অনুযায়ী উসকানিমূলক, বিদ্রূপাত্মক কিংবা উত্তেজক আচরণের মাধ্যমে গোল উদযাপন করলে খেলোয়াড়কে হলুদ কার্ড দেখানো যেতে পারে। আবু ফারহির বন্দুক চালানোর ভঙ্গির উদযাপনও সেই বিধির আওতায় পড়ে শাস্তিযোগ্য হিসেবে বিবেচিত হয়েছে।