...|...|...

খেলা

নতুন চমক নিয়ে মালয়েশিয়ার বিপক্ষে বাংলাদেশের একাদশ

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ২৫ সেপ্টেম্বর ২০২৬, দুপুর ২:৪৮ | আপডেট: ২৫ সেপ্টেম্বর ২০২৬, দুপুর ২:৫৮
Shares
নতুন চমক নিয়ে মালয়েশিয়ার বিপক্ষে বাংলাদেশের একাদশ

ছবি: সংগৃহীত

ফিফা আসিয়ান কাপে মালয়েশিয়ার বিপক্ষে বাংলাদেশের একাদশে জায়গা পেয়েছেন ইংল্যান্ডে জন্ম নেওয়া ১৯ বছর বয়সী উইঙ্গার ফারহান আলী ওয়াহিদ। নতুন করে জাতীয় দলের স্কোয়াডে সুযোগ পাওয়া তিন প্রবাসী ফুটবলারের একজন তিনি। মালয়েশিয়ার বিপক্ষে মাঠে নেমেই জাতীয় দলের হয়ে অভিষেক হচ্ছে তরুণ এই ফুটবলারের।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বিকেল ৩টায় মালয়েশিয়ার বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচে মাঠে নামছে বাংলাদেশ। ম্যাচের আগে সান মারিনোর বিপক্ষে সর্বশেষ খেলা একাদশে বড় ধরনের পরিবর্তন এনেছেন প্রধান কোচ থমাস ডুলি। আগের ম্যাচের একাদশ থেকে এবার সাতজনকে পরিবর্তন করা হয়েছে।

সান মারিনোর বিপক্ষে গত ৫ জুনের ম্যাচে বাংলাদেশের শুরুর একাদশে ছিলেন জামাল ভূইয়া ও শেখ মোরসালিন। মালয়েশিয়ার বিপক্ষে আজকের ম্যাচে তাদের রাখা হয়নি। একইভাবে তপু বর্মণ, ঈসা ফয়সাল, ফয়সাল আহমেদ ফাহিম ও রফিকও ২৩ সদস্যের স্কোয়াডে নেই।

গোলবারেও এসেছে পরিবর্তন। সান মারিনোর বিপক্ষে গোলরক্ষকের দায়িত্বে থাকা মিতুল মারমার পরিবর্তে আজ একাদশে জায়গা পেয়েছেন বসুন্ধরা কিংসের গোলকিপার মেহেদী হাসান শ্রাবণ।

মাঝমাঠে হামজা চৌধুরীর সাথে থাকছেন সোহেল রানা ও সমিত সোম। আক্রমণভাগে ফারহান আলী ওয়াহিদ ও ফাহামেদুল ইসলামের সাথে থাকবেন রাকিব হোসেন। পুরো দলকে ৪-২-৩-১ ফরমেশনে সাজিয়েছেন কোচ ডুলি।

মালয়েশিয়ার বিপক্ষে বাংলাদেশের একাদশ: মেহেদী হাসান শ্রাবণ (গোলকিপার), সাদ উদ্দীন, তারিক কাজী, শাকিল আহাদ তপু, জায়ান আহমেদ, হামজা চৌধুরী, সোহেল রানা সিনিয়র (অধিনায়ক), ফারহান আলী ওয়াহিদ, সমিত সোম, ফাহামেদুল ইসলাম ও রাকিব হোসেন।