আগামী অক্টোবরে আজারবাইজানে বসতে যাওয়া 'ফিফা অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপ ও ফেস্টিভ্যালে' কঠিন গ্রুপে পড়েছে বাংলাদেশ। টুর্নামেন্টের 'জি' গ্রুপে লাল-সবুজের প্রতিপক্ষ হিসেবে রয়েছে পর্তুগাল ও ওয়েলসের মতো শক্তিশালী দুই দল।
বিশ্ব ফুটবলের মেগা এই আসরে এবার মোট ১৯১টি দেশ ৩২টি গ্রুপে ভাগ হয়ে অংশ নিচ্ছে। গ্রুপ 'জি'-তে বাংলাদেশ, ওয়েলস ও পর্তুগাল ছাড়াও বাকি তিন দল হলো ইন্দোনেশিয়া, বুরুন্ডি ও ফিজি।
ঘোষিত সূচি অনুযায়ী, আগামী ২৪ থেকে ২৬ অক্টোবরের মধ্যে মাত্র তিন দিনে গ্রুপ পর্বের মোট পাঁচটি ম্যাচ খেলবে বাংলাদেশ। ২৪ অক্টোবর সকাল ৯টায় ওয়েলসের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবেন বাংলাদেশের কিশোরেরা।
এরপর ২৫ অক্টোবর এক দিনেই দুটি ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ; যেখানে দুপুর ২টা ৩০ মিনিটে শক্তিশালী পর্তুগাল এবং রাত ৮টা ৪৫ মিনিটে ইন্দোনেশিয়ার মুখোমুখি হবে দল। পরদিন ২৬ অক্টোবরও রয়েছে দুটি ম্যাচ; এদিন দুপুর ২টা ৩০ মিনিটে বুরুন্ডি এবং রাত ৮টা ৪৫ মিনিটে ফিজির বিপক্ষে লড়বে বাংলাদেশ।
বয়সভিত্তিক ফুটবলের সার্বিক মানোন্নয়নে বাফুফে আন্তর্জাতিক এই আসরে অংশগ্রহণ নিশ্চিত করেছে। ফুটবল সংশ্লিষ্টদের মতে, বিশ্বমানের দলগুলোর বিরুদ্ধে খেলার এই সুযোগ তরুণ ফুটবলারদের আন্তর্জাতিক অভিজ্ঞতার ঝুলি সমৃদ্ধ করতে বড় ভূমিকা রাখবে।


