...|...|...

খেলা

বিশ্বকাপ খেলতে যাওয়া ফুটবলারদের আবদার পূরণ করলেন ক্রীড়া প্রতিমন্ত্রী

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ১৯ অক্টোবর ২০২৬, সন্ধ্যা ৬:৪৮
Shares
বিশ্বকাপ খেলতে যাওয়া ফুটবলারদের আবদার পূরণ করলেন ক্রীড়া প্রতিমন্ত্রী

ছবি: সংগৃহীত

আজারবাইজানের বাকুতে অনুষ্ঠিতব্য ফিফা অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপ ও ফেস্টিভ্যালে অংশ নিতে যাওয়া বাংলাদেশ দলকে উৎসাহিত করতে ক্রিকেটার ও ফুটবলারদের সংবর্ধনা ও সৌজন্য সাক্ষাতে মিলিত হন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। সেখানে বিশ্বকাপগামী তরুণ ফুটবলারদের পারফরম্যান্সের ওপর দিকনির্দেশনা দেওয়ার পাশাপাশি তাদের আবদার মেনে নিজস্ব অর্থায়নে উন্নত মানের বুট কিনে দেওয়ার ঘোষণা দিয়েছেন তিনি।

সোমবার (১৯ অক্টোবর) বাফুফে ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে প্রতিমন্ত্রী এই ঘোষণা দেন।

অনুষ্ঠানে বাফুফে থেকে বুট পেলেও বিশ্বমঞ্চে খেলার জন্য আরও ভালো মানের বুটের প্রয়োজনীয়তার কথা জানান অনূর্ধ্ব-১৫ দলের অধিনায়ক ফাহিম হাসান। অধিনায়কের আকুতি শুনে ইতিবাচক সাড়া দেন প্রতিমন্ত্রী। তিনি অনূর্ধ্ব-১৫ দলের ১৪ জন খেলোয়াড়ের পছন্দের বুটের সাইজ ও মাপ দেখে তাৎক্ষণিক ব্যবস্থা নিতে বাফুফে কর্মকর্তাদের নির্দেশ দেন।

অধিনায়কের আবদারের প্রশংসায় ক্রীড়া প্রতিমন্ত্রী বলেন, 'না, ওরা আরেকটু বেটার চাচ্ছে। অসুবিধা নাই, সমস্যা নাই। তোমরা এখনই যাও, সাইজ আর পছন্দ দেখে নাও। এটা আমার পক্ষ থেকে তোমরা পাবে ইনশাআল্লাহ।'

একই সাথে বিশ্বকাপে দল ভালো ফল করতে পারলে আরও বড় উপহারের প্রতিশ্রুতি দিয়ে তিনি যোগ করেন, 'ওদের বেশি কিছু চাওয়ার সাহস হয়েছে, এটা ভালো। তোমরা খেলে আসো, ভালো কিছু করতে পারলে ইনশাআল্লাহ আরও বড় উপহার পাবে।'

উল্লেখ্য, বিশ্বকাপে অংশ নিতে আগামী ২১ অক্টোবর আজারবাইজানের উদ্দেশে ঢাকা ছাড়বে বাংলাদেশ অনূর্ধ্ব-১৫ ফুটবল দল।

টুর্নামেন্টে 'জি' গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ পর্তুগাল, ওয়েলস, ইন্দোনেশিয়া, বুরুন্ডি ও ফিজি। আগামী ২৪ অক্টোবর ওয়েলসের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে লাল-সবুজ প্রতিনিধিদের বিশ্বকাপ অভিযান। ৮-এ-সাইড ফরম্যাটের এই প্রতিযোগিতায় ২০ মিনিট করে দুই অর্ধে খেলা অনুষ্ঠিত হবে।