...|...|...

রাজনীতি

জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল শাহজাহান

বিরোধী শক্তির অপপ্রচার জামায়াতের অগ্রযাত্রা বাধাগ্রস্ত করতে পারবে না

টাইমস টুডে ডেস্ক
প্রকাশ: ২৭ নভেম্বর ২০২৬, রাত ১০:২৩
Shares
বিরোধী শক্তির অপপ্রচার জামায়াতের অগ্রযাত্রা বাধাগ্রস্ত করতে পারবে না

ছবি: সংগৃহীত

জামায়াতের বিরুদ্ধে বিরোধী শক্তির অপপ্রচার ও ষড়যন্ত্র সংগঠনের অগ্রযাত্রা বাধাগ্রস্ত করতে পারবে না বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ শাহজাহান।

তিনি বলেন, সব ধরনের রাজনৈতিক বাধা ও প্রতিকূলতা মোকাবিলা করে আগামী দিনে দেশ ও জাতির নেতৃত্ব দেওয়ার যোগ্যতা অর্জনে কর্মীদের প্রস্তুত হতে হবে। এ জন্য আদর্শিক জ্ঞান, নৈতিক চরিত্র, সাংগঠনিক দক্ষতা ও নেতৃত্বের গুণাবলি অর্জনে সচেষ্ট হওয়ার আহ্বান জানান তিনি।

শুক্রবার (২৭ নভেম্বর) চট্টগ্রাম নগরের হালিশহরে জেপি কনভেনশন হলে বাংলাদেশ জামায়াতে ইসলামী হালিশহর থানার উদ্যোগে আয়োজিত দিনব্যাপী কর্মী শিক্ষা শিবিরে প্রধান অতিথির বক্তব্যে মুহাম্মদ শাহজাহান এসব কথা বলেন।

শিক্ষাশিবিরে সভাপতিত্ব করেন হালিশহর থানা জামায়াতের আমীর মুহাম্মদ ফখরে জাহান সিরাজী। সঞ্চালনা করেন থানা সেক্রেটারি মাওলানা আবুল কালাম আজাদ। এতে বিশেষ অতিথি ছিলেন জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও চট্টগ্রাম মহানগরী আমীর মুহাম্মদ নজরুল ইসলাম।

বিশেষ অতিথির বক্তব্যে মুহাম্মদ নজরুল ইসলাম বায়আতের গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরেন। তিনি বলেন, বায়আতের মাধ্যমে প্রত্যেক কর্মী যে অঙ্গীকার গ্রহণ করেন, ব্যক্তিগত ও সাংগঠনিক জীবনে তার যথাযথ বাস্তবায়ন নিশ্চিত করতে হবে। আদর্শিক দৃঢ়তা, সাংগঠনিক শৃঙ্খলা ও দায়িত্বশীলতার পাশাপাশি দ্বীন প্রতিষ্ঠার প্রচেষ্টায় আন্তরিক ও কার্যকর ভূমিকা পালনের জন্য কর্মীদের প্রতি আহ্বান জানান তিনি।

শিক্ষা শিবিরে বিষয়ভিত্তিক আলোচনা করেন জামায়াতের চট্টগ্রাম মহানগরীর সহকারী সেক্রেটারি খায়রুল বাশার, ফয়সল মুহাম্মদ ইউনুস ও মোরশেদুল ইসলাম চৌধুরী। এ ছাড়া আলোচনা করেন মহানগরী সাংগঠনিক সেক্রেটারি ও জামায়াত মনোনীত মেয়র প্রার্থী মুহাম্মদ শামসুজ্জামান হেলালী।

এ সময় আরও উপস্থিত ছিলেন হালিশহর থানা জামায়াতের নায়েবে আমীর ডা. শাহাদাত হোসেন, সহকারী সেক্রেটারি ইঞ্জিনিয়ার মনজুরুল হক, থানা কর্মপরিষদ সদস্য জাহের খান, মাকসুদুল মাওলা, মাওলানা আহমদ শফি ও হায়দার আলীসহ থানা ও ওয়ার্ড পর্যায়ের বিভিন্ন দায়িত্বশীল।

দিনব্যাপী এ শিক্ষা শিবিরে ব্যক্তিগত জীবন গঠন, নৈতিকতা, আদর্শিক দৃঢ়তা, সাংগঠনিক দায়িত্ববোধ ও শৃঙ্খলা এবং জনকল্যাণমূলক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা পালনের বিষয়ে কর্মীদের দিকনির্দেশনা দেওয়া হয়।