চাঁদাবাজদের সাথে এনসিপির কোনও ঐক্য হতে পারে না বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম আহ্বায়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।
শুক্রবার (২৭ নভেম্বর) বিকেলে গাজীপুরের চান্দনা চৌরাস্তা এলাকায় ৮ দফা দাবিতে আয়োজিত বিক্ষোভ মিছিল ও সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
পাটওয়ারী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান ঐক্যের ডাক দিয়েছেন। ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে জাতীয় ঐক্য হতে পারে। তবে ঐক্যের পর আর কোনও চাঁদাবাজি চলবে না। চাঁদাবাজদের সাথে এনসিপির কোনও ঐক্য হতে পারে না।
সমাবেশে এনসিপির সিনিয়র যুগ্ম সদস্যসচিব সারজিস আলম বক্তব্য দেন। এ সময় তিনি শ্রমিকদের সন্তানদের চিকিৎসা ও শিক্ষার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সরকারের প্রতি আহ্বান জানান।
সমাবেশে বক্তারা আরও বলেন, বাংলাদেশের সাথে বন্ধুত্ব করতে চাইলে দিল্লি সরকারকে আগে শেখ হাসিনাকে ফেরত পাঠাতে হবে।
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও এর সহযোগী সংগঠনগুলো এ কর্মসূচির আয়োজন করে।
এর আগে ৮ দফা দাবিতে গাজীপুরের ভোগড়া বাইপাস মোড় থেকে বিক্ষোভ মিছিল শুরু করেন এনসিপির নেতাকর্মীরা। মিছিলটি বর্ষা হলের সামনে দিয়ে গিয়ে চান্দনা চৌরাস্তায় শেষ হয়। পরে সেখানে সমাবেশ অনুষ্ঠিত হয়।


