...|...|...

বিশ্ব

বিরোধী জোটই জয়ী, নেতানিয়াহুর সরকার গঠনের কোনো সুযোগ নেই: লাপিদ

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ৩০ অক্টোবর ২০২৬, বিকেল ৫:১০
Shares
বিরোধী জোটই জয়ী, নেতানিয়াহুর সরকার গঠনের কোনো সুযোগ নেই: লাপিদ

ছবি: সংগৃহীত

ইসরায়েলের সংসদ নির্বাচনে বড় কোনো দলের পক্ষেই একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করা সম্ভব হয়নি। এই পরিস্থিতিতে দেশটির বিদায়ী বিরোধীদলীয় নেতা ইয়ার লাপিদ দাবি করেছেন, প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু শত চেষ্টা করেও আর সরকার গঠন করতে পারবেন না। ইসরায়েলের শীর্ষস্থানীয় সংবাদমাধ্যম ‘টাইমস অব ইসরায়েল’-এর এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

এদিকে, নির্বাচনের ফলাফল পর্যালোচনায় দেখা যায়, নেতানিয়াহুর নেতৃত্বাধীন জোট ৫৩টি আসন পেলেও বিরোধী দলগুলো সম্মিলিতভাবে ৬৭টি আসন জয় করেছে। তবে সরকার গঠনের জন্য প্রয়োজনীয় ৬১ আসনের ম্যাজিক ফিগার নিশ্চিত করা কোনো পক্ষের জন্যই সহজ হচ্ছে না।

সামাজিক মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে লাপিদ বলেন, নির্বাচনে বিরোধীরা যেমন নিরঙ্কুশ ও বড় ব্যবধানে জয়ের আশা করেছিল, ফল পুরোপুরি তেমন না হলেও সার্বিক ফলাফলের বিচারে বিরোধী জোটই জয়ী হয়েছে। তার দাবি, নেতানিয়াহুর ঝুলিতে থাকা ৫৩ আসনের মধ্যে ১৩টি আসনই এমন দুটি কট্টরপন্থি দলের (ইউনাইটেড তোরাহ জুডাইজম এবং শাস পার্টি), যারা মূলত জায়নবাদবিরোধী হিসেবে পরিচিত। এই ১৩টি আসন বাদ দিলে নেতানিয়াহুর প্রকৃত সমর্থনের আসন দাঁড়ায় মাত্র ৪০টিতে। এই পরিসংখ্যান তুলে ধরে লাপিদ দৃঢ়তার সাথে বলেন, তিনি (নেতানিয়াহু) যা-ই করুন না কেন, তার আর সরকার গঠনের কোনো সুযোগ নেই।

বিরোধী জোটের পরবর্তী পদক্ষেপ সম্পর্কে লাপিদ জানান, ‘ইয়াশার’ পার্টির প্রধান গাদি আইজেনকোটের নেতৃত্বে সরকার গঠনের সব রকম চেষ্টা চলছে। তবে কাজটি অত্যন্ত জটিল এবং এতে সময় ও ধৈর্য দুটোই প্রয়োজন। তিনি দেশবাসীকে ধৈর্য ধরার আহ্বান জানিয়ে বলেন, সরকার গঠনের আলোচনা জনসমক্ষে হয় না; এটি অত্যন্ত গোপনীয়তা ও কৌশলের সাথে পর্দার আড়ালে পরিচালিত হয়।

বিশ্লেষকদের মতে, বিরোধী জোটের মোট আসন সংখ্যা বেশি হলেও প্রধান রাজনৈতিক দলগুলোর অনীহার কারণে সমীকরণ বেশ জটিল। বিরোধী শিবিরের শীর্ষ দলগুলো—ইয়াশার, বি’ইয়াচাদ এবং ইসরায়েল বেইতেনু—ফিলিস্তিনি নাগরিকদের আরব দলগুলোর (যেমন জয়েন্ট লিস্ট ও রা’আম) সাথে কোয়ালিশন সরকার গঠনে স্পষ্ট অস্বীকৃতি জানিয়েছে।

অন্যদিকে, নির্বাচনে একক দল হিসেবে ২৭টি আসন পেয়ে সবচেয়ে বড় দল হয়েছে বেনিয়ামিন নেতানিয়াহুর ‘লিকুদ পার্টি’। তবে শরিকদের নিয়ে জোট বাঁধলেও কাঙ্ক্ষিত ৬১ আসন থেকে তারা দূরে রয়েছে। ফলে চূড়ান্ত সরকার গঠন নিয়ে ইসরায়েলের রাজনৈতিক অঙ্গনে চরম অনিশ্চয়তা ও টানটান উত্তেজনা বিরাজ করছে।