...|...|...

বিশ্ব

বিবিসি-সিএনএনসহ বিশ্বের ১৭৮ বড় প্রতিষ্ঠানের ওয়েবসাইটে সাইবার হামলা

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ১৭ নভেম্বর ২০২৬, বিকেল ৩:০৪
Shares
বিবিসি-সিএনএনসহ বিশ্বের ১৭৮ বড় প্রতিষ্ঠানের ওয়েবসাইটে সাইবার হামলা

ছবি: এআই

বিশ্বের ১৭৮টি বড় প্রতিষ্ঠানের ওয়েবসাইটে সাইবার হামলার ঘটনা ঘটেছে। এর মধ্যে রয়েছে জুম, বিবিসি, সিএনএন, এইচএসবিসি ও আইকিয়ার মতো আন্তর্জাতিক প্রতিষ্ঠান। হামলার ফলে এসব ওয়েবসাইটের ব্যবহারকারীদের ব্যক্তিগত ও আর্থিক তথ্য চুরির ঝুঁকি তৈরি হয়েছে।

বার্তাসংস্থা আনাদোলু এজেন্সি বলছে, সাইবার নিরাপত্তা প্রতিষ্ঠান রিপোর্ট ইউআরআই জানিয়েছে, সোমবার (১৬ নভেম্বর) তৃতীয় পক্ষের ওয়েব প্ল্যাটফর্ম ‘অপ্টিমাইজলি ওয়েব’-এর মাধ্যমে ক্ষতিকর জাভাস্ক্রিপ্ট ছড়িয়ে দেওয়া হয়। মঙ্গলবার প্রকাশিত প্রতিবেদনে সেলসফোর্স, গিটল্যাব, ইকুইফ্যাক্স, এয়ার ফ্রান্স-কেএলএম, লেজার ও পিককের মতো প্রতিষ্ঠানের ওয়েবসাইটও আক্রান্ত হওয়ার তথ্য জানানো হয়েছে।

প্রতিষ্ঠানটির তথ্য অনুযায়ী, ক্ষতিকর সফটওয়্যারটি ব্যবহারকারীদের ব্যাংক কার্ডের তথ্য, ব্রাউজারের কুকি এবং স্ক্রিনশট চুরির জন্য তৈরি করা হয়েছিল। পাশাপাশি ক্রিপ্টোকারেন্সি লেনদেনের সময় ডিজিটাল ওয়ালেটের ঠিকানা পরিবর্তন করে অর্থ হাতিয়ে নেওয়ার ব্যবস্থাও ছিল এতে।

আইফোন ও আইপ্যাড ব্যবহারকারীদের লক্ষ্য করে ‘করুনা’ ও ‘ডার্কসোর্ড’ নামের দুটি আইওএস এক্সপ্লয়েট কিটও ছড়িয়ে দেওয়া হয়। ইতিমধ্যে হামলাকারীদের সঙ্গে সংশ্লিষ্ট ওয়ালেটে ক্রিপ্টোকারেন্সি চুরির প্রমাণ পাওয়া গেছে বলে জানিয়েছে রিপোর্ট ইউআরআই।

তবে হামলা শনাক্তের পর দ্রুত বেশির ভাগ ক্ষতিকর কোড সরিয়ে ফেলা হয়। সোমবার আন্তর্জাতিক সময় রাত ৮টা ৫৬ মিনিটে ১৬৯টি স্ক্রিপ্টে ক্ষতিকর কোড পাওয়া গেলেও রাত ৯টা ৫২ মিনিটে ১৮৮টি আক্রান্ত স্ক্রিপ্টের মধ্যে মাত্র একটিতে তা শনাক্ত হয়।