...|...|...

খেলা

বিবাহবিচ্ছেদের পর মদ্যপানে আসক্ত চাহাল, ছিলেন পুনর্বাসনে

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ১৬ অক্টোবর ২০২৬, বিকেল ৪:১০
Shares
বিবাহবিচ্ছেদের পর মদ্যপানে আসক্ত চাহাল, ছিলেন পুনর্বাসনে

ছবি: সংগৃহীত

মাঠে হাসিখুশি থাকা এবং সতীর্থদের সাথে মজা করে সময় কাটানো যুজবেন্দ্র চাহালের ব্যক্তিগত জীবনে একসময় নেমে এসেছিল কঠিন সময়। বিবাহবিচ্ছেদের পর মানসিক অস্থিরতা ও উদ্বেগের সাথে লড়াই করতে গিয়ে মদ্যপানের অভ্যাস নিয়ন্ত্রণের বাইরে চলে যায় ভারতের এই লেগ স্পিনারের। পরিস্থিতি সামাল দিতে শেষ পর্যন্ত নিজেই পুনর্বাসন কেন্দ্রে যাওয়ার সিদ্ধান্ত নেন তিনি। সেখানে টানা ২৬ দিন কাটিয়ে জীবনে নতুন করে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করেছেন চাহাল।

ভারতের সাবেক ওপেনার আকাশ চোপড়ার পডকাস্টে নিজের জীবনের সেই কঠিন অধ্যায় নিয়ে কথা বলেছেন চাহাল। সেখানে তিনি জানিয়েছেন, ব্যক্তিগত জীবনের সংকট কীভাবে তার মানসিক অবস্থা ও ক্রিকেটে প্রভাব ফেলেছিল। কাউন্টি ক্রিকেটের মৌসুম শেষ হওয়ার পর মদ্যপান ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেন তিনি। চাহাল বলেন, ‘গত বছর কাউন্টি ক্রিকেটের মৌসুম শেষ হওয়ার পর আমি মদ্যপান ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিই। বিষয়গুলো মাত্রা ছাড়িয়ে গিয়েছিল। তাই পুনর্বাসন কেন্দ্রে ভর্তি হই এবং ২৬ দিন সেখানে থাকি। এখন আমি জানি, কীভাবে পরিস্থিতি সামলাতে হয়।’

পুনর্বাসন কেন্দ্রে থাকার সিদ্ধান্ত তার জীবনে ইতিবাচক পরিবর্তন এনেছে বলে জানান চাহাল। এর প্রভাব পড়েছে শারীরিক সক্ষমতার ওপরও। তার ভাষ্য অনুযায়ী, গত আইপিএলে শরীর আগের চেয়ে বেশি চাঙা মনে হয়েছে। নিয়মিত জিম, ফিল্ডিং অনুশীলন ও অন্যান্য প্রশিক্ষণ চালিয়ে যাওয়ার ক্ষেত্রেও উন্নতি হয়েছে।

তরুণ বয়সে পার্টিতে যাতায়াতের মধ্য দিয়ে মদ্যপানের অভ্যাস শুরু হয়েছিল বলে জানান চাহাল। ২০১১ সালে আইপিএলে অভিষেকের সময় দক্ষিণ আফ্রিকার সাবেক তারকা এবি ডি ভিলিয়ার্স তাকে জীবনে ভারসাম্য বজায় রাখার গুরুত্ব বুঝিয়েছিলেন। তবে পরবর্তী সময়ে ব্যক্তিগত জীবনের সংকট সেই ভারসাম্য নষ্ট করে দেয়।

বিবাহবিচ্ছেদের পর পরিস্থিতি আরও কঠিন হয়ে ওঠে বলে জানান এই স্পিনার। তিনি বলেন, ‘বিবাহবিচ্ছেদের পর বিষয়গুলো মাত্রা ছাড়িয়ে গিয়েছিল। আমার মানসিক অবস্থাও খুব একটা ভালো ছিল না। বুঝতে পেরেছিলাম, এভাবে চলতে থাকলে যে জিনিসটা সবচেয়ে বেশি ভালোবাসি, সেই ক্রিকেটই নষ্ট হয়ে যাবে। তাই থামার সিদ্ধান্ত নিই। এখন আমি অনেক বেশি সুখী এবং ভালো অবস্থায় আছি।’

ক্রিকেটে চাহালের অর্জনও উল্লেখযোগ্য। আইপিএলের ইতিহাসে সর্বোচ্চ উইকেটশিকারি তিনি। ১৮৮ ম্যাচে তার শিকার ২৩৩ উইকেট। ভারতের হয়ে ৭২টি ওয়ানডেতে ১২১ উইকেট এবং ৮০টি টি-টোয়েন্টিতে ৯৬ উইকেট নিয়েছেন এই লেগ স্পিনার। তবে এখনো টেস্ট ক্রিকেটে অভিষেক হয়নি তার।