...|...|...

খেলা

বিপর্যয়ের মুখে বাংলাদেশ, তবু আশাবাদী হাসান

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ১৯ নভেম্বর ২০২৬, সকাল ৮:৫৬
Shares
বিপর্যয়ের মুখে বাংলাদেশ, তবু আশাবাদী হাসান

হাসান মাহমুদ। ছবি: সংগৃহীত

জোহানেসবার্গ টেস্টে ইনিংস পরাজয় এড়ানোর কঠিন চ্যালেঞ্জের মুখে বাংলাদেশ। হাতে আছে মাত্র পাঁচ উইকেট, ঘাটতি ৫৭ রান। শেষ দিনে ম্যাচ বাঁচাতে হলে লিটন দাস ও মুশফিকুর রহিমকে সামনে থেকে দায়িত্ব নিতে হবে। তবে কঠিন পরিস্থিতিতেও হাল ছাড়ছেন না পেসার হাসান মাহমুদ। প্রথম ইনিংসে প্রতিকূল অবস্থা থেকে ঘুরে দাঁড়ানোর অভিজ্ঞতা কাজে লাগিয়ে এবারও ম্যাচ বাঁচানোর আশা দেখছেন তিনি।

চতুর্থ দিনের খেলা শেষে সংবাদমাধ্যমের সাথে আলাপকালে নিজের আশাবাদের কথা জানান হাসান। ওয়ান্ডারার্সে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচের নিয়ন্ত্রণ স্বাগতিকদের হাতে থাকলেও শেষ দিনে ব্যাটসম্যানরা জুটি গড়তে পারলে পরিস্থিতি সামাল দেওয়া সম্ভব বলে মনে করেন এই পেসার।

চতুর্থ দিন শুরুতে দক্ষিণ আফ্রিকার হাতে ছিল মাত্র তিন উইকেট। প্রথম ইনিংসে তাদের লিডও ছিল ১৪ রান। কিন্তু শেষ তিন ব্যাটসম্যানের দৃঢ়তায় ম্যাচের চিত্র পাল্টে যায়। শেষ তিন উইকেটে ১৭১ রান যোগ করে স্বাগতিকরা। এতে তাদের লিড দাঁড়ায় ১৫৭ রানে।

দক্ষিণ আফ্রিকার লেজের সারির ব্যাটসম্যানদের দ্রুত ফিরিয়ে দিতে না পারার পেছনে বাংলাদেশের বোলিংয়ের নিয়ন্ত্রণহীনতা, ক্যাচ মিস ও নো-বল বড় ভূমিকা রাখে। বিশেষ করে কাগিসো রাবাদার ক্যাচ হাতছাড়া এবং ডেন প্যাটারসনকে নো-বলে জীবন দেওয়া বাংলাদেশের জন্য ব্যয়বহুল হয়ে ওঠে।

নিজেদের এই ব্যর্থতার কথা স্বীকার করে হাসান বলেন, ‘ওদের টেইলএন্ডাররা যখন এসেছিল, তখন একটু রান খরচ হয়ে গেছে। চেষ্টা করছিলাম, এক জায়গায় বোলিং করে যাব, নিয়ন্ত্রিত বোলিং করব। কিন্তু জানি না, যে কোনো কারণে হয়নি সেটা। ওরকম চাপ তৈরি করতে পারিনি টেইলএন্ডারদের। তারপর ওরা ভালো একটা স্কোর করে।’

প্রথম ইনিংসে ১৫৭ রানের লিড পাওয়ার পর দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে বাংলাদেশের ব্যাটিং লাইনআপে ধস নামে। দক্ষিণ আফ্রিকার পেসার কাগিসো রাবাদা ও মার্কো ইয়ানসেনের সাথে স্পিনার সাইমন হার্মারের আক্রমণে নিয়মিত বিরতিতে উইকেট হারায় সফরকারীরা। দিন শেষে বাংলাদেশের সংগ্রহ দাঁড়ায় ৫ উইকেটে ১০০ রান। বৃষ্টির কারণে নির্ধারিত সময়ের আগেই দিনের খেলা শেষ হয়।

ইনিংস পরাজয় এড়াতে শেষ দিনে বাংলাদেশের প্রয়োজন আরও ৫৭ রান। হাতে থাকা পাঁচ উইকেটের মধ্যে ক্রিজে আছেন প্রথম ইনিংসে সেঞ্চুরি করা লিটন দাস ও অভিজ্ঞ মুশফিকুর রহিম। তাদের পর স্বীকৃত ব্যাটসম্যান না থাকায় ম্যাচ বাঁচানোর লড়াইয়ে এই জুটিই হয়ে উঠতে পারে সবচেয়ে গুরুত্বপূর্ণ।

দ্বিতীয় ইনিংসে দ্রুত উইকেট হারানোর বিষয়টি নিয়েও কথা বলেছেন হাসান। তিনি বলেন, ‘আমরা যখন আবার ব্যাটিংয়ে নামি, দ্রুত উইকেট পড়ে যায়। এখন আমাদের ম্যাচ বাঁচানো ছাড়া উপায় নেই। কালকে যদি আমরা দুই-তিনটা জুটি বা ভালো একটা দিন শেষ করতে পারি... ব্যাটসম্যানরা অবশ্যই তাদের সর্বোচ্চ চেষ্টা করবে যে, যতক্ষণ ধরে রাখতে পারি আরকি।’

তবে আশাবাদের জায়গা হিসেবে বাংলাদেশের প্রথম ইনিংসের ব্যাটিংকেই সামনে আনছেন এই পেসার। ম্যাচের শুরুতে মাত্র ২২ রানে তিন উইকেট হারিয়ে চাপে পড়েছিল বাংলাদেশ। পরে ১২১ রানে পঞ্চম উইকেটের পতন হলেও সেখান থেকে ঘুরে দাঁড়িয়ে ৪০০ রানের সংগ্রহ গড়ে দল।

প্রথম ইনিংসের সেই লড়াইয়ের কথা মনে করিয়ে দিয়ে হাসান বলেন, ‘ব্যক্তিগতভাবে বলব, আমি মন থেকে বিশ্বাস করি, (ম্যাচ বাঁচাতে) পারব। প্রথম ইনিংসে ২০-৩০ রানের মধ্যে তিন উইকেট পড়ে গেছিল, ওই অবস্থা থেকে আমরা ৪০০ করেছি। তো আমার এখনও বিশ্বাস হয় যে, আমরা যদি জুটি করতে পারি, ভালো একটা জুটি হয়, তাহলে সামাল দিতে পারব।’

চতুর্থ দিনের আবহাওয়াও বাংলাদেশের ব্যাটসম্যানদের জন্য প্রতিকূল ছিল বলে মনে করেন হাসান। মেঘাচ্ছন্ন পরিবেশে দক্ষিণ আফ্রিকার পেসাররা বাড়তি সুবিধা পেয়েছেন। শেষ দিনেও উইকেট ধরে রাখার পাশাপাশি জুটি গড়ার ওপর গুরুত্ব দিচ্ছেন তিনি।

হাসান আরও বলেন, ‘আজকে (গতকাল) প্রায় মেঘাচ্ছন্ন আবহাওয়া ছিল। ওদের ফাস্ট বোলারদের জন্য খুবই ভালো সময় ছিল বোলিং করার জন্য। সিম মুভমেন্ট পাচ্ছিল ওরা শুরু থেকেই। আমরা স্ট্রাগল করেছি শুরু থেকেই। এখন যদি কালকে আমরা জুটি করতে পারি, তাহলে অবশ্যই... আমরা চেষ্টা করব যে কীভাবে এখান থেকে ম্যাচ বাঁচাতে পারি।’

শেষ দিনের লড়াইয়ে তাই বাংলাদেশের প্রধান ভরসা লিটন-মুশফিকের অভিজ্ঞতা ও ধৈর্য। তাদের সাথে পরের ব্যাটসম্যানরা দায়িত্বশীল ব্যাটিং করতে পারলে ইনিংস পরাজয় এড়ানোর পাশাপাশি ম্যাচ বাঁচানোর সুযোগও তৈরি হতে পারে। প্রথম ইনিংসের মতো আরেকবার ঘুরে দাঁড়ানোর বিশ্বাস নিয়েই শেষ দিনের অপেক্ষায় বাংলাদেশ।