...|...|...

ধর্ম

বিনামূল্যে ওমরাহর লটারি নিয়ে ইসলামের বিধান কী

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ১৫ নভেম্বর ২০২৬, সকাল ১১:২০
Shares
বিনামূল্যে ওমরাহর লটারি নিয়ে ইসলামের বিধান কী

ছবি: সংগৃহীত

পবিত্র ওমরাহ পালনের সুযোগ করে দিতে বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠান লটারির আয়োজন করে থাকে। বিশেষ করে বিনা খরচে ওমরাহ পালনের সুযোগ পাওয়ার বিষয়টি অনেকের কাছে আকর্ষণীয়। তবে লটারির মাধ্যমে ওমরাহ পালনের সুযোগ দেওয়া কিংবা এমন আয়োজনে অংশ নেওয়া ইসলামী শরিয়তের দৃষ্টিতে কতটা বৈধ, তা নিয়ে রয়েছে নানা প্রশ্ন।

ইসলামী শরিয়তে সব ধরনের লটারি নিষিদ্ধ নয়। লটারির ধরন, অর্থের উৎস এবং আয়োজনের পদ্ধতির ওপর নির্ভর করে এর বিধান নির্ধারিত হয়। ফিকহের পরিভাষায় কাউকে নির্বাচনের জন্য লটারি বা ড্র পদ্ধতিকে ‘কুরআহ’ বলা হয়। অন্যদিকে অর্থের বিনিময়ে ভাগ্য নির্ধারণ করে পুরস্কার দেওয়ার পদ্ধতি জুয়ার অন্তর্ভুক্ত হতে পারে।

যেভাবে লটারি আয়োজন করা হারাম

অংশগ্রহণকারীদের কাছ থেকে টাকা সংগ্রহ করে সেই অর্থ দিয়ে লটারিতে বিজয়ী ব্যক্তিকে ওমরাহ পালনের ব্যবস্থা করে দেওয়া হলে তা জুয়ার অন্তর্ভুক্ত হবে। ইসলামী শরিয়তে জুয়া সম্পূর্ণ নিষিদ্ধ।

এ প্রসঙ্গে পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেন, ‘হে মুমিনগণ! নিশ্চয়ই মদ, জুয়া, প্রতিমা এবং ভাগ্য নির্ধারক তীরসমূহ অপবিত্র, শয়তানের কাজ। অতএব, তোমরা এগুলো বর্জন করো।’ (সুরা আল-মায়িদা, আয়াত: ৯০)

এ ধরনের লটারিতে অংশগ্রহণকারীদের কাছ থেকে সংগৃহীত অর্থ দিয়ে বিজয়ীকে ওমরাহ করানো হলে সেই অর্থ তার জন্য বৈধ হবে না। বরং অর্থের প্রকৃত মালিকদের তা ফেরত দিতে হবে।

যে ধরনের লটারি জায়েজ

কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান নিজস্ব অর্থ ব্যয় করে বিনামূল্যে লটারির আয়োজন করলে এবং এর মাধ্যমে কাউকে ওমরাহ পালনের সুযোগ দিলে তা শরিয়তসম্মত। কারণ, এ ক্ষেত্রে অংশগ্রহণকারীদের কাছ থেকে কোনো অর্থ নেওয়া হচ্ছে না। বরং এটি উপহার দেওয়ার একটি পদ্ধতি হিসেবে বিবেচিত হবে।

এ বিষয়ে হাদিসেও লটারির মাধ্যমে কাউকে নির্বাচনের দৃষ্টান্ত পাওয়া যায়।

উম্মুল মুমিনীন হজরত আয়েশা (রা.) থেকে বর্ণিত, রাসুলুল্লাহ (সা.) যখন কোনও সফরে যাওয়ার ইচ্ছা করতেন, তখন তিনি তার স্ত্রীদের মধ্যে লটারি করতেন। যার নাম উঠত, তাকেই সফরসঙ্গী হিসেবে সাথে নিতেন। (সহিহ বোখারি, হাদিস: ২৫৯৩)

এই হাদিস থেকে বোঝা যায়, সমান অধিকার বা যোগ্যতাসম্পন্ন ব্যক্তিদের মধ্য থেকে কাউকে নির্বাচনের জন্য লটারি বা কুরআহ পদ্ধতি অবলম্বন করা বৈধ।

সুতরাং, ওমরাহ পালনের জন্য লটারির বৈধতা নির্ভর করে এর আয়োজনের পদ্ধতি ও অর্থের উৎসের ওপর। অংশগ্রহণকারীদের কাছ থেকে টাকা নিয়ে পুরস্কার দেওয়ার ব্যবস্থা জুয়ার অন্তর্ভুক্ত হলেও আয়োজকের নিজস্ব অর্থে বিনা মূল্যে কাউকে ওমরাহ পালনের সুযোগ করে দেওয়া শরিয়তসম্মত।

তথ্যসূত্র: মুসলিম বাংলা