ফেনীর পরশুরামে বিদ্যালয়ের নির্ধারিত পোশাক পরে এবং বিদ্যালয় প্রাঙ্গণে টিকটকের জন্য আপত্তিকর ভিডিও ও ছবি ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার অভিযোগে দশম শ্রেণির এক ছাত্রীকে স্থায়ীভাবে বহিষ্কার করেছে বক্সমাহমুদ উচ্চবিদ্যালয়।
মঙ্গলবার (৩ নভেম্বর) বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক পারভীন আক্তারের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিদ্যালয় চলাকালে নির্ধারিত পোশাক পরা অবস্থায় ওই শিক্ষার্থী বিদ্যালয় প্রাঙ্গণে ভিডিও ও ছবি ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করে। বিদ্যালয় কর্তৃপক্ষের দাবি, এসব কর্মকাণ্ডে প্রতিষ্ঠানের সুনাম ও ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ঘটনাটি নিয়ে বিদ্যালয়ের শৃঙ্খলা কমিটি তদন্ত করে। শিক্ষার্থীর বক্তব্য ও তদন্তে পাওয়া তথ্যের ভিত্তিতে অভিযোগের সত্যতা পাওয়া গেছে বলে দাবি করেছে কর্তৃপক্ষ।
বিদ্যালয় প্রাঙ্গণে শিক্ষার্থীদের মোবাইল ফোন ব্যবহার নিষিদ্ধ থাকার পরও আচরণবিধি লঙ্ঘন করে এ ধরনের কর্মকাণ্ডে জড়িত হওয়ার অভিযোগে শৃঙ্খলা কমিটির সুপারিশ এবং পরিচালনা পরিষদের সিদ্ধান্ত অনুযায়ী তাকে চূড়ান্তভাবে বহিষ্কার করা হয়েছে। একই সাথে তাকে বাধ্যতামূলক ছাড়পত্র দেওয়া হয়েছে। গত ৩ নভেম্বর থেকে বিদ্যালয়ের সাথে শিক্ষার্থী হিসেবে তার সব ধরনের সম্পর্কের অবসান হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
এ ঘটনায় ভবিষ্যতে বিদ্যালয়ের শৃঙ্খলা ও ভাবমূর্তি বজায় রাখতে শিক্ষার্থীদের মোবাইল ফোন ব্যবহার এবং এ ধরনের কর্মকাণ্ড থেকে বিরত থাকার নির্দেশনা দিয়েছে কর্তৃপক্ষ।
বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক পারভীন আক্তার বলেন, এর আগেও ওই শিক্ষার্থীকে কয়েকবার সতর্ক করা হয়েছিল। এরপরও একই ধরনের কর্মকাণ্ডে জড়ানোর অভিযোগ ওঠায় বিদ্যালয় পরিচালনা পরিষদের সিদ্ধান্ত অনুযায়ী তাকে বহিষ্কার করা হয়েছে।


