...|...|...

বিশ্ব

বিবিসির প্রতিবেদন

বিচারের সম্মুখীন হওয়াই হাসিনার একমাত্র বিকল্প, মনে করছে ভারত

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ১৩ নভেম্বর ২০২৬, বিকেল ৪:৪৩
Shares
বিচারের সম্মুখীন হওয়াই হাসিনার একমাত্র বিকল্প, মনে করছে ভারত

ছবি: সংগৃহীত

২০২৪ সালের জুলাইয়ের গণ-অভ্যুত্থানের পর থেকে ভারতে অবস্থান করছেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর তার কূটনৈতিক পাসপোর্ট বাতিল করা হয় এবং জাতীয় পরিচয়পত্রের নম্বরও স্থগিত করা হয়।

এর মধ্যেই শেখ হাসিনার পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের বিষয়টি আবার আলোচনায় এসেছে। লন্ডনের আইনি প্রতিষ্ঠান ‘ম্যাট্রিক্স চেম্বার্স’ সম্প্রতি দিল্লিতে বাংলাদেশের কূটনৈতিক মিশনে পাঠানো এক চিঠিতে দাবি করেছে, বাংলাদেশের নাগরিক হিসেবে এবং আন্তর্জাতিক মানবাধিকার সনদের আলোকে শেখ হাসিনার নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র পাওয়ার অধিকার রয়েছে।

বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, দিল্লিতে হাসিনার অবস্থান ভারতের জন্য ক্রমেই অস্বস্তিকর ইস্যু হয়ে উঠছে। বিষয়টি শুধু ভারত-বাংলাদেশ সম্পর্কেই প্রভাব ফেলছে না; আন্তর্জাতিক পর্যায়েও ভারতকে প্রশ্নের মুখে পড়তে হচ্ছে—গণহত্যার অভিযোগে দণ্ডিত একজন ব্যক্তিকে কেন তারা দীর্ঘদিন ধরে আশ্রয় দিয়ে রেখেছে।

প্রতিবেদন অনুযায়ী, ভারতের জন্য সবচেয়ে সুবিধাজনক সমাধান হতে পারত শেখ হাসিনার তৃতীয় কোনো দেশে চলে যাওয়া। এ নিয়ে অতীতে দিল্লি বিভিন্ন দেশের সাথে যোগাযোগও করেছে। তবে নানা কারণে সেই উদ্যোগ সফল হয়নি।

এ অবস্থায় ভারতীয় নীতিনির্ধারকদের একটি অংশ মনে করছে, শেখ হাসিনার বাংলাদেশে ফিরে গিয়ে বিচারের মুখোমুখি হওয়াই এখন সবচেয়ে বাস্তবসম্মত পথ।

একই সাথে দিল্লিতে এমন মতও রয়েছে যে, বাংলাদেশের রাজনীতিতে ভারতের দীর্ঘদিনের মিত্র আওয়ামী লীগকে পুনরুজ্জীবিত করতে হলে হাসিনার দেশে ফেরার বিকল্প নেই।

বিবিসিকে দিল্লির সরকারি কর্মকর্তারা জানিয়েছেন, হাসিনার বাংলাদেশে ফেরার ক্ষেত্রে ভারতের প্রধানত দুটি শর্ত রয়েছে।

প্রথম শর্ত হলো, শেখ হাসিনা বাংলাদেশ সামরিক বাহিনীর একটি উড়োজাহাজে করে ভারতে গিয়েছিলেন। তাই তাকে ফেরত নেওয়ার দায়িত্বও বাংলাদেশ সেনাবাহিনীকেই নিতে হবে বলে মনে করছে দিল্লি।

এ প্রক্রিয়া আকাশপথ বা স্থলপথ—দুইভাবেই হতে পারে। বাংলাদেশ চাইলে সামরিক বিমান পাঠিয়ে তাকে দিল্লি থেকে নিয়ে যেতে পারে। আবার সীমান্তের কোনো নির্ধারিত পয়েন্টে বাংলাদেশ সেনাবাহিনী তাকে গ্রহণ করতে পারে। এ ক্ষেত্রে প্রয়োজনীয় লজিস্টিক সহায়তা দিতে ভারত প্রস্তুত রয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

দ্বিতীয় শর্তটি শেখ হাসিনার বিচারপ্রক্রিয়া নিয়ে। ভারত চায়, মৃত্যুদণ্ডের বিরুদ্ধে তাকে আপিলের সুযোগ দেওয়া হোক এবং জুলাইয়ের হত্যাকাণ্ডসংক্রান্ত মামলায় তার নতুন করে সুষ্ঠু বিচার নিশ্চিত করা হোক।

তবে এ বিষয়টি বাংলাদেশের বিচারব্যবস্থায় ভারতের হস্তক্ষেপ হিসেবে যেন দেখা না হয়, সে বিষয়ে দিল্লি সতর্ক। এ কারণেই ভারত সরকার প্রকাশ্যে বিষয়টি নিয়ে মন্তব্য করছে না।

দিল্লিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বিবিসিকে বলেন, ভারত জেনেশুনে শেখ হাসিনাকে ফাঁসির মুখে ঠেলে দিতে পারে না। বরং তাকে যেন নতুন করে ন্যায়সংগত বিচার পাওয়ার সুযোগ দেওয়া হয়, সেটিই ভারত নিশ্চিত করতে চায়।

তিনি আরও জানান, সেই বিচারপ্রক্রিয়া যাতে আন্তর্জাতিক মহল ও বৈশ্বিক সংবাদমাধ্যমের নজরদারির মধ্যে থাকে, ভারত সেটিও চাইবে।

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, এই দুই শর্ত পূরণের মাধ্যমে শেখ হাসিনার বাংলাদেশে ফেরার পথ তৈরি করতে দিল্লি কয়েক মাস ধরে ঢাকার সাথে পর্দার আড়ালে আলোচনা চালিয়ে যাচ্ছে।