...|...|...

বিশ্ব

বিক্ষোভে উত্তাল কলম্বিয়া, রাজপথে লাখ লাখ মানুষ

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ২০ নভেম্বর ২০২৬, দুপুর ২:৪০ | আপডেট: ২০ নভেম্বর ২০২৬, দুপুর ২:৪৮
Shares
বিক্ষোভে উত্তাল কলম্বিয়া, রাজপথে লাখ লাখ মানুষ

ছবি: সংগৃহীত

প্রস্তাবিত কর সংস্কার ও জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে কলম্বিয়ার রাজধানী বোগোতাসহ বিভিন্ন শহরে রাস্তায় নেমেছেন লাখ লাখ মানুষ। 

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) শ্রমিক সংগঠন, শিক্ষার্থী ও বিরোধী রাজনৈতিক দলগুলোর ডাকে এ বিক্ষোভ অনুষ্ঠিত হয়।

আল-জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, সরকারের প্রস্তাবিত সংস্কারের মধ্যে আয়কর দেওয়ার সর্বনিম্ন আয়ের সীমা কমানো, স্বাস্থ্যসেবায় নাগরিকদের চাঁদার পরিমাণ বাড়ানো এবং ব্যবসাপ্রতিষ্ঠানের কর কমানোর পরিকল্পনা রয়েছে।

নতুন প্রস্তাব অনুযায়ী, মাসে প্রায় ৯৮৫ ডলারের বেশি আয় করলেই আয়কর দিতে হবে। বর্তমানে এ সীমা প্রায় ১ হাজার ৪১৯ ডলার।

প্রেসিডেন্ট আবেলার্দো দে লা এস্প্রিয়েলার সরকার বলছে, দেশের আর্থিক সংকট সামাল দেওয়া ও রাজস্ব বাড়ানোর জন্য এসব ব্যবস্থা প্রয়োজন। আগামী বছর কলম্বিয়ার বাজেট ঘাটতি মোট দেশজ উৎপাদনের (জিডিপি) ৯ দশমিক ৪ শতাংশে পৌঁছাতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

তবে ব্যাপক সমালোচনার মুখে নিত্যপ্রয়োজনীয় খাদ্যপণ্যের ওপর কর বাড়ানোর একটি বিতর্কিত প্রস্তাব ইতোমধ্যে প্রত্যাহার করেছে সরকার।

সাবেক প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রো বিক্ষোভকারীদের প্রতি সমর্থন জানিয়েছেন। তার অভিযোগ, সরকারের প্রস্তাবিত নীতিগুলো সাধারণ মানুষের আয় ও জীবনযাত্রায় নেতিবাচক প্রভাব ফেলতে পারে।

অন্যদিকে প্রেসিডেন্ট দে লা এস্প্রিয়েলা শান্তিপূর্ণভাবে বিক্ষোভ করার অধিকার স্বীকার করেছেন। তবে সড়ক অবরোধ বা তার ভাষায় ‘শহুরে সন্ত্রাস’ সহ্য করা হবে না বলে সতর্ক করেছেন।

বেশির ভাগ বিক্ষোভ শান্তিপূর্ণ থাকলেও কয়েকটি স্থানে পুলিশের সাথে বিক্ষোভকারীদের সংঘর্ষ হয়। এএফপির তথ্য অনুযায়ী, পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কাঁদানে গ্যাস ও জলকামান ব্যবহার করেছে।

যুক্তরাষ্ট্রের সাথে সামরিক সহযোগিতা নিয়েও বিতর্ক

যুক্তরাষ্ট্রের সাথে কলম্বিয়ার সামরিক সহযোগিতা নিয়ে বিতর্কের মধ্যেই এ বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে।

নিউইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে দাবি করা হয়েছিল, কলম্বিয়ার ভূখণ্ডে মাদক পাচারকারী গোষ্ঠীগুলোর বিরুদ্ধে যুক্তরাষ্ট্র-কলম্বিয়ার যৌথ সামরিক অভিযানের একটি প্রস্তাব বোগোতা প্রত্যাখ্যান করেছে।

তবে দে লা এস্প্রিয়েলা ওই দাবি অস্বীকার করেছেন। তার বক্তব্য, ওয়াশিংটনের সাথে সহযোগিতার উদ্দেশ্য কলম্বিয়ার সামরিক সক্ষমতা বাড়ানো, মার্কিন সেনা মোতায়েন করা নয়।

তিনি আরও বলেন, বিদেশি সেনা মোতায়েন করতে হলে দেশটির কংগ্রেসের অনুমোদন প্রয়োজন।

এক মার্কিন কর্মকর্তা রয়টার্সকে জানিয়েছেন, এ ধরনের অভিযানে কংগ্রেসের সমর্থন পাওয়া নিয়ে বোগোতার উদ্বেগ রয়েছে। তবে কলম্বিয়ার প্রেসিডেন্ট সরাসরি প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন কি না, তা ওই কর্মকর্তা নিশ্চিত করেননি।

দে লা এস্প্রিয়েলা গত আগস্টে ক্ষমতা নেওয়ার পর দেশটিতে এটি দ্বিতীয় বড় জাতীয় বিক্ষোভ। এর আগে অক্টোবরে মানবাধিকার ও সামাজিক সংস্কার নিয়ে সরকারের নীতির প্রতিবাদে হাজারো মানুষ রাজপথে নেমেছিলেন।