...|...|...

সারাদেশ

বিএনপি-ছাত্রদলের দুই নেতাকে আ.লীগ বানিয়ে শ্রমিকদল নেতার মামলা

জামালপুর প্রতিনিধি
প্রকাশ: ১২ নভেম্বর ২০২৬, সন্ধ্যা ৭:৪২ | আপডেট: ১২ নভেম্বর ২০২৬, সন্ধ্যা ৭:৫০
Shares
বিএনপি-ছাত্রদলের দুই নেতাকে আ.লীগ বানিয়ে শ্রমিকদল নেতার মামলা

শ্রমিকদল নেতা আনোয়ার হোসেন শাহিন।

জামালপুরে আওয়ামী লীগের ঝটিকা মিছিলকে কেন্দ্র করে দায়ের করা নাশকতার মামলায় আসামি করা হয়েছে বিএনপি ও ছাত্রদলের দুই নেতাকে। অভিযোগ উঠেছে, মামলার এজাহারে জেলা ছাত্রদলের এক সক্রিয় কর্মীকে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতা এবং জেলা বিএনপির সাবেক এক সহসম্পাদককে পৌর আওয়ামী লীগের সদস্য হিসেবে উল্লেখ করা হয়েছে। রাজনৈতিক পরিচয় নিয়ে এমন অসংগতির ঘটনায় স্থানীয় বিএনপি ও ছাত্রদলের নেতাকর্মীদের মধ্যে ক্ষোভ ও অসন্তোষ দেখা দিয়েছে।

অভিযোগকারীদের দাবি, রাজনৈতিক পরিচয় যাচাই না করেই ওই দুজনকে আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতা হিসেবে মামলায় অন্তর্ভুক্ত করা হয়েছে। এতে মামলার উদ্দেশ্য নিয়েও প্রশ্ন উঠেছে।

মামলায় ছাত্রলীগ নেতা হিসেবে উল্লেখ করা ব্যক্তির নাম মো. নাঈম। তিনি জামালপুর শহরের আলিহারপুর গ্রামের জয়নাল আবেদীনের ছেলে। তার পরিবারের দাবি, দীর্ঘ সাত বছর ধরে তিনি ছাত্রদলের রাজনীতির সাথে সম্পৃক্ত। ফ্যাসিবাদবিরোধী আন্দোলনসহ দলের বিভিন্ন কর্মসূচিতে সক্রিয়ভাবে অংশ নিয়েছেন তিনি।

দলীয় সূত্রে জানা গেছে, ২০২২ সালের ৬ ফেব্রুয়ারি অনুমোদিত জামালপুর পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড ছাত্রদল দক্ষিণ শাখার কমিটিতে সদস্য পদ পান নাঈম।

অন্যদিকে, একই মামলায় পৌর আওয়ামী লীগের সদস্য হিসেবে উল্লেখ করা হয়েছে জেলা বিএনপির সাবেক সহসম্পাদক আজাদ রুহানিকে। তার দাবি, তিনি দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতির সাথে সম্পৃক্ত এবং দলের বিভিন্ন আন্দোলন-সংগ্রামে সক্রিয় ভূমিকা পালন করেছেন। এর আগে তিনি জেলা বিএনপির সদস্য এবং তারও আগে জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক পদে দায়িত্ব পালন করেছেন।

গত ৯ নভেম্বর জেলা শ্রমিকদলের সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন শাহীনের দায়ের করা নাশকতার মামলায় আওয়ামী লীগ, ছাত্রলীগ ও যুবলীগের ৩৭ জনকে আসামি করা হয়। মামলার ২৮ নম্বর আসামি করা হয়েছে মো. নাঈমকে। এজাহারে তাকে ছাত্রলীগ নেতা হিসেবে উল্লেখ করা হয়েছে। একই মামলার ৩ নম্বর আসামি জেলা বিএনপির সাবেক সহসম্পাদক আজাদ রুহানিকে পৌর আওয়ামী লীগের সদস্য হিসেবে পরিচয় দেওয়া হয়েছে।

এর আগেও ২০২৫ সালের ১৬ জানুয়ারি জামালপুর সদর থানায় দায়ের করা অপর একটি নাশকতার মামলায় নাঈমকে ১৯ নম্বর আসামি করা হয়েছিল। ওই মামলাতেও তাকে ছাত্রলীগ নেতা হিসেবে উল্লেখ করা হয় বলে অভিযোগ রয়েছে।

এ বিষয়ে জামালপুর জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফিক বলেন, নাঈম ২০১৭ সাল থেকে ছাত্রদলের সাথে জড়িত। ২০২২ সালে তাকে কমিটিতে অন্তর্ভুক্ত করা হয়েছে। ছাত্রদলের একজন নেতাকে ছাত্রলীগ নেতা উল্লেখ করে মামলা করা উদ্দেশ্য প্রণোদিত।

জেলা বিএনপির সাবেক সহসম্পাদক আজাদ রুহানি মোবাইল ফোনে জানান, জেলা বিএনপির বর্তমান কমিটির আগের কমিটিতে তিনি সহসম্পাদক পদে দায়িত্ব পালন করেছেন। ফ্যাসিবাদবিরোধী আন্দোলনসহ বিএনপির সব আন্দোলন-সংগ্রামে সক্রিয়ভাবে অংশ নিয়েছেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনেও দলের প্রার্থীর পক্ষে কাজ করেছেন। গত ৭ নভেম্বরও বিএনপির কর্মসূচিতে অংশ নিয়েছেন তিনি।

তবে অভিযোগ অস্বীকার করেছেন মামলার বাদী জেলা শ্রমিকদলের সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন শাহীন। তিনি বলেন, তাদের অভিযোগ সঠিক নয়। তারা সাংবাদিকদের ভুল তথ্য দিচ্ছেন।

এ বিষয়ে জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুস সাকিব বলেন, গত ৮ নভেম্বর কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ব্যানারে ঝটিকা মিছিলের ঘটনায় ৯ নভেম্বর জেলা শ্রমিকদলের সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন শাহীন বাদী হয়ে মামলাটি দায়ের করেন। মামলাটি তদন্ত করে পুলিশ প্রতিবেদন দাখিল করবে।

রাজনৈতিক পরিচয় নিয়ে এমন অভিযোগ স্থানীয় রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা-সমালোচনার জন্ম দিয়েছে। সংশ্লিষ্টদের বক্তব্য ও অভিযোগের সত্যতা তদন্তের মাধ্যমে যাচাইয়ের দাবি উঠেছে। মামলার এজাহারে উল্লেখ করা রাজনৈতিক পরিচয়ের সাথে সংশ্লিষ্ট ব্যক্তিদের প্রকৃত দলীয় সম্পৃক্ততার বিষয়টি কতটা সামঞ্জস্যপূর্ণ, এখন সেই প্রশ্নই সামনে এসেছে।