...|...|...

সারাদেশ

বিএনপি চাঁদাবাজদের আশ্রয়-প্রশ্রয় দেয় না: মীর সপু

মুন্সীগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ২ অক্টোবর ২০২৬, রাত ৮:২৯
Shares
বিএনপি চাঁদাবাজদের আশ্রয়-প্রশ্রয় দেয় না: মীর সপু

বিএনপি কখনো চাঁদাবাজদের আশ্রয়-প্রশ্রয় দেয় না বলে মন্তব্য করেছেন দলটির কেন্দ্রীয় নির্বাহী কমিটির স্বেচ্ছাসেবকবিষয়ক সম্পাদক মীর সরফত আলী সপু।

শুক্রবার (২ অক্টোবর) বিকেলে মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার রাড়িখাল ইউনিয়নের দামলা মাঠে আয়োজিত আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

মীর সরফত আলী সপু বলেন, দলের ভাবমূর্তি নষ্ট করার জন্য একজন সংসদ সদস্যকে তিন দিন আগে পদত্যাগ করানো হয়েছে। বিএনপির নেতা-কর্মীদের জন্য এটি একটি বড় বার্তা। দলে থেকে সন্ত্রাস ও চাঁদাবাজি করা যাবে না। কেউ এর ব্যত্যয় ঘটালে তার বিরুদ্ধে দল কঠিন ব্যবস্থা নেয়।

তিনি আরও বলেন, বিএনপির নাম ব্যবহার করে কেউ অপকর্ম করলে তাকে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। এ বিষয়ে দলের শীর্ষ নেতৃত্বের কঠোর অবস্থান রয়েছে।

ফাইনাল খেলায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীনগর উপজেলা বিএনপির সভাপতি শহীদুল ইসলাম, বাংলাদেশ চলচ্চিত্র প্রদর্শক সমিতির সভাপতি আওলাদ হোসেন উজ্জ্বল, রাড়িখাল ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান এমএল লস্কর, মুন্সীগঞ্জ জেলা নারী ও শিশু অধিকার ফোরামের সাধারণ সম্পাদক জসিম মোল্লা, সাংগঠনিক সম্পাদক মাহামুদ হাসান ফাহাদসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতারা।