...|...|...

সারাদেশ

বিএনপির সমাবেশেও ‘জয় বাংলা’ স্লোগান শোনা যায়: জামায়াত নেতা বেলাল

রংপুর প্রতিনিধি
প্রকাশ: ২৫ নভেম্বর ২০২৬, রাত ১১:২১
Shares
বিএনপির সমাবেশেও ‘জয় বাংলা’ স্লোগান শোনা যায়: জামায়াত নেতা বেলাল

রংপুর-৩ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতা মাহবুবুর রহমান বেলাল।

বিএনপির সমাবেশেও ‘জয় বাংলা’ স্লোগান শোনা যায় বলে মন্তব্য করেছেন রংপুর-৩ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতা মাহবুবুর রহমান বেলাল। তিনি অভিযোগ করেছেন, বিএনপি আওয়ামী লীগকে জায়গা করে দিচ্ছে। একই সাথে দ্রুত জুলাই সনদ বাস্তবায়ন ও দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।

বুধবার (২৫ নভেম্বর) বিকেলে ১১ দলীয় ঐক্যের সাত দফা দাবি আদায়, দেশব্যাপী আওয়ামী লীগের নাশকতা, নৈরাজ্য ও জ্বালাও-পোড়াওয়ের অভিযোগ এবং দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকারের ব্যর্থতার প্রতিবাদে আয়োজিত বিক্ষোভ মিছিল ও সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন মাহবুবুর রহমান বেলাল।

বাংলাদেশ জামায়াতে ইসলামী রংপুর মহানগরীর উদ্যোগে আয়োজিত বিক্ষোভ মিছিলটি নগরীর টাউন হল থেকে শুরু হয়ে শাপলা চত্বরে গিয়ে শেষ হয়। পরে সেখানে সমাবেশ অনুষ্ঠিত হয়।

প্রধান অতিথির বক্তব্যে মাহবুবুর রহমান বেলাল বলেন, বিএনপির সমাবেশেও ‘জয় বাংলা’ স্লোগান শোনা যায় কেন? আপনারা আওয়ামী লীগকে জায়গা করে দিচ্ছেন। ৩৬ জুলাইয়ের সাথে গাদ্দারি করছেন।

সমাবেশে সভাপতিত্ব করেন মহানগর জামায়াতের আমির উপাধ্যক্ষ মাওলানা এটিএম আজম খান।

সভাপতির বক্তব্যে তিনি বলেন, রংপুরে আবারও ক্যান্টনমেন্টের বাবুরা ঘাঘট নদীর তীরে মেলার নামে জুয়া ও হাউজির আয়োজন করতে চাচ্ছেন। এ আয়োজনের কারণে মানুষ সর্বস্বান্ত হয়। অতীতেও এমন আয়োজন প্রতিহত করা হয়েছে। প্রয়োজনে রংপুরবাসীকে সাথে নিয়ে আবারও তা প্রতিহত করা হবে।

এ সময় তিনি দ্রুত জুলাই সনদ বাস্তবায়নের দাবি জানান।

সমাবেশে আরও উপস্থিত ছিলেন রংপুর মহানগর জামায়াতের নায়েবে আমির আনোয়ারুল হক কাজল, রংপুর জেলা জামায়াতের আমির গোলাম রব্বানী, মহানগর সেক্রেটারি ও রংপুর-১ আসনের সংসদ সদস্য রায়হান সিরাজী, জেলা সেক্রেটারি মেস্তাক আহমেদ, মহানগর সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট কাওছার আলী ও আল আমিন হাসানসহ দলটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।