...|...|...

রাজনীতি

ঠাকুরগাঁও-১ উপনির্বাচন

বিএনপির মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার শেষ, চূড়ান্ত সিদ্ধান্ত পরে: রিজভী

টাইমস টুুডে প্রতিবেদক
প্রকাশ: ১৮ সেপ্টেম্বর ২০২৬, রাত ১০:০৬ | আপডেট: ১৯ সেপ্টেম্বর ২০২৬, সকাল ৮:৫১
Shares
বিএনপির মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার শেষ, চূড়ান্ত সিদ্ধান্ত পরে: রিজভী

ছবি: সংগৃহীত

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে দলীয় প্রার্থী চূড়ান্ত করতে মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার নিয়েছে বিএনপির জাতীয় স্থায়ী কমিটি। তবে কাকে দলীয় প্রার্থী করা হবে, সে বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারম্যানের রাজনৈতিক কার্যালয়ে জাতীয় স্থায়ী কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে মনোনয়ন প্রক্রিয়া নিয়ে কথা বলেন রিজভী। সাক্ষাৎকার পর্বে সভাপতিত্ব করেন বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান।

রুহুল কবির রিজভী বলেন, আজকে স্থায়ী কমিটির যে বৈঠক, সেটি আসলে মনোনয়ন বোর্ডের বৈঠক ছিল। বিএনপির গঠনতন্ত্র অনুযায়ী, দলের স্থায়ী কমিটিই মনোনয়ন বোর্ড। প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যানের সভাপতিত্বে এই বৈঠকে ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনের প্রার্থীদের সাক্ষাৎকার গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। তবে চূড়ান্তভাবে কারা মনোনয়ন পাবেন, সে বিষয়ে সিদ্ধান্ত পরে জানানো হবে।

এক প্রশ্নের জবাবে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের যুক্তরাষ্ট্র সফর নিয়ে বৈঠকে কোনো আলোচনা হয়নি।

এর আগে একই দিন সন্ধ্যা ৭টার পর দলের গুলশান কার্যালয়ে বিএনপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির বৈঠক শুরু হয়। প্রায় ২ ঘণ্টাব্যাপী চলা এই বৈঠকে স্থায়ী কমিটির বেশিরভাগ সদস্যরাই উপস্থিত ছিলেন।

ঠাকুরগাঁও-১ আসনটি সাবেক বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতির দায়িত্ব নেওয়ার পর শূন্য হয়। এ আসনে আগামী ২৯ অক্টোবর উপনির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।