...|...|...

বিশ্ব

বাংলাদেশ থেকে প্রথমবারের মতো কৃষি শ্রমিক নিচ্ছে জাপান

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ২৪ নভেম্বর ২০২৬, ভোর রাত ৪:৩৫
Shares
বাংলাদেশ থেকে প্রথমবারের মতো কৃষি শ্রমিক নিচ্ছে জাপান

ছবি: সংগৃহীত

জাপানের কৃষিখাতে শ্রমিক সংকট বাড়ায় এখন বাংলাদেশ ও নেপালের মতো দক্ষিণ এশীয় দেশগুলোর দিকে ঝুঁকছে দেশটির বিভিন্ন প্রতিষ্ঠান। দক্ষিণ-পূর্ব এশিয়া থেকে আগের তুলনায় শ্রমিক পাওয়া কঠিন হয়ে পড়ায় নতুন উৎস হিসেবে দক্ষিণ এশিয়াকে গুরুত্ব দেওয়া হচ্ছে।

সোমবার (২৩ নভেম্বর) সাউথ চায়না মর্নিং পোস্টের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

বিদেশি শ্রমিক সরবরাহ ও প্রশিক্ষণ দেওয়া টোকিওভিত্তিক প্রতিষ্ঠান মিরাই জানিয়েছে, কৃষি খাতে প্রথমবারের মতো বাংলাদেশি কর্মী জাপানে পাঠানোর প্রস্তুতি চলছে। ভিয়েতনাম ও ফিলিপাইনের মতো দেশ থেকে শ্রমিক যাওয়ার হার কমে আসায় জাপানি প্রতিষ্ঠানগুলো এখন বিকল্প শ্রমবাজার খুঁজছে।

জাপানের কৃষিখাতে প্রয়োজনীয় বিশেষ দক্ষতার পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর গত আগস্টে বাংলাদেশের দুই প্রার্থীকে চাকরির প্রস্তাব দেয় মিরাই। তারা শিগগিরই জাপানের উত্তর-পূর্বাঞ্চলীয় আমোরি প্রিফেকচারে কাজে যোগ দেবেন।

চাকরির সুযোগ পাওয়া এক প্রার্থী বলেন, জাপানে যাওয়ার সুযোগ পেয়ে আমি খুব আনন্দিত। এখন জাপানের কৃষিব্যবস্থা সম্পর্কে পড়াশোনা করছি। নিজের অভিজ্ঞতা কাজে লাগাতে চাই।

অন্য প্রার্থী বলেন, জাপানে কাজের সুযোগ পেয়ে আমি কৃতজ্ঞ। সেখানে গিয়ে কঠোর পরিশ্রম করতে চাই।

জাপান সরকারের তথ্য অনুযায়ী, কৃষিখাতে ‘টাইপ-১’ বিশেষ দক্ষতাসম্পন্ন বিদেশি শ্রমিক নেওয়া হয়। তারা সর্বোচ্চ পাঁচ বছর পর্যন্ত জাপানে থাকতে পারেন।

চলতি বছরের জুন পর্যন্ত জাপানে কৃষিখাতে বিদেশি শ্রমিকের সংখ্যা আগের বছরের তুলনায় ২৬ শতাংশ বেড়ে ৪৪ হাজার ৫০ জনে পৌঁছেছে।

ইমিগ্রেশন সার্ভিস এজেন্সির তথ্য অনুযায়ী, দেশভিত্তিক হিসেবে সবচেয়ে বেশি কৃষি শ্রমিক এসেছে ইন্দোনেশিয়া থেকে। বর্তমানে ১৮ হাজার ২৫৫ জন ইন্দোনেশীয় কর্মী জাপানে রয়েছেন। এছাড়া নেপাল থেকে ৯১৬ জন, শ্রীলঙ্কা থেকে ৬৩৮ জন এবং বাংলাদেশ থেকে ৩৩৪ জন কৃষি শ্রমিক জাপানে গেছেন।

মিরাইয়ের মূল প্রতিষ্ঠান সাসটেইনেবল হোল্ডিংসের ক্যারিয়ার অ্যাডভাইজারি বিভাগের জেনারেল ম্যানেজার ইউজি নোমুরা বলেন, ভিয়েতনাম, ফিলিপাইনসহ দক্ষিণ-পূর্ব এশিয়ার বিভিন্ন দেশে মজুরি বেড়ে যাওয়ায় সেখান থেকে শ্রমিক আকর্ষণ করা জাপানের জন্য কঠিন হয়ে পড়ছে।

তিনি বলেন, শ্রমিকের নতুন উৎস খুঁজতে আমরা দক্ষিণ এশিয়ার দিকে নজর দিচ্ছি। বাংলাদেশ বড় কৃষিপ্রধান দেশ না হলেও ১৭ কোটি মানুষের দেশ হিসেবে কৃষিখাতে উন্নয়নের বড় সম্ভাবনা রয়েছে।

সাসটেইনেবল হোল্ডিংস ২০১৭ সাল থেকে মিরাইয়ের মাধ্যমে এশিয়ার বিভিন্ন দেশ থেকে শ্রমিক সংগ্রহ ও প্রশিক্ষণের কাজ করছে। ফিলিপাইন, ইন্দোনেশিয়া, ভিয়েতনাম, বাংলাদেশ, মিয়ানমার, শ্রীলঙ্কা ও নেপালে প্রতিষ্ঠানটির সহযোগী রিক্রুট স্কুল রয়েছে।

১৮ থেকে ৩০ বছর বয়সী চাকরিপ্রার্থীদের মধ্যে নারীরা বেশি যাচ্ছেন পরিচর্যা বা কেয়ারগিভিং খাতে। আর পুরুষদের বড় অংশ কৃষিখাতে কাজ করতে আগ্রহী।

নোমুরা জানান, কৃষিতে ‘নির্দিষ্ট দক্ষ কর্মী’ মর্যাদা পেতে প্রার্থীদের জাপানি ভাষার এন-ফোর পর্যায়ের পরীক্ষা এবং লিখিত ও ব্যবহারিক কৃষি পরীক্ষায় উত্তীর্ণ হতে হয়।

তিনি বলেন, জাপান উন্নত কৃষি প্রযুক্তির দেশ। সেখানে কাজের অভিজ্ঞতা নিয়ে অনেকেই পরে অস্ট্রেলিয়া ও ইসরায়েলে কৃষিখাতে চাকরি করছেন কিংবা নিজস্ব ব্যবসা শুরু করছেন।

মিরাই বর্তমানে ঢাকাসহ চট্টগ্রাম ও বরিশালে তিনটি সহযোগী রিক্রুট স্কুল পরিচালনা করছে। ঢাকার স্কুলে জাপানি ভাষা ও অন্যান্য বিষয়ে পাঠদান করেন নোরিকো নুর নবি।

বাংলাদেশে দুই দশকের বেশি সময় ধরে বসবাস করা এই জাপানি নাগরিক বলেন, কার্যকর প্রশিক্ষণের জন্য প্রতিটি শ্রমিকের সাংস্কৃতিক পটভূমি ও মানসিকতা বোঝা খুবই গুরুত্বপূর্ণ। পাশাপাশি জাপানে বিদেশি কর্মীদের জন্য নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করার ওপরও তিনি গুরুত্ব দেন।

জাপানের জনসংখ্যায় বয়স্ক মানুষের সংখ্যা বাড়তে থাকায় দেশটির কৃষিখাত দীর্ঘদিন ধরেই শ্রমিক সংকটে রয়েছে।

সরকারি তথ্য অনুযায়ী, টাইপ-১ এবং অবস্থানের নির্দিষ্ট সময়সীমা নেই এমন টাইপ-২ মর্যাদাপ্রাপ্ত কর্মীসহ গত বছরের ডিসেম্বরের শেষ নাগাদ জাপানের কৃষিখাতে বিশেষ দক্ষতাসম্পন্ন বিদেশি কর্মী ও কারিগরি শিক্ষানবিশের সংখ্যা দাঁড়ায় ৬৭ হাজার ৯০৫ জনে।

এর মধ্যে ৬০ শতাংশের বেশি, অর্থাৎ ৩৯ হাজার ২৩৪ জন কর্মী এসেছে ইন্দোনেশিয়া ও ভিয়েতনাম থেকে।

তবে দক্ষিণ-পূর্ব এশিয়ায় মজুরি ও শ্রমবাজারের পরিবর্তনের কারণে দক্ষিণ এশিয়ার কর্মীদের জন্য নতুন সুযোগ তৈরি হচ্ছে।

সাসটেইনেবল হোল্ডিংসের পরিচালক নোরিয়ুকি তাকাকুরা বলেন, বাংলাদেশ, শ্রীলঙ্কা ও নেপালের মানুষ আন্তরিকতা ও পরিশ্রমের জন্য পরিচিত। এ কারণে জাপানে তাদের প্রতি ইতিবাচক দৃষ্টিভঙ্গি রয়েছে।