...|...|...

খেলা

বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের চূড়ান্ত সূচি প্রকাশ

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ৮ সেপ্টেম্বর ২০২৬, সন্ধ্যা ৭:৩৪
Shares
বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের চূড়ান্ত সূচি প্রকাশ

ছবি: সংগৃহীত

আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের গুরুত্বপূর্ণ দুটি টেস্ট খেলতে প্রায় পাঁচ বছর পর বাংলাদেশ সফর করবে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল। দুই ম্যাচের এই সিরিজের পূর্ণাঙ্গ সূচি চূড়ান্ত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

সিরিজের প্রথম টেস্টটি শুরু হবে আগামী ২৮ অক্টোবর, মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। এরপর দ্বিতীয় ও শেষ টেস্ট অনুষ্ঠিত হবে সিলেটে, আগামী ৫ নভেম্বর থেকে। দুটি ম্যাচই শুরু হবে সকাল ১০টায়।

মূল সিরিজ শুরুর আগে বসুন্ধরা স্পোর্টস কমপ্লেক্সে আগামী ২২ অক্টোবর থেকে একটি তিন দিনের প্রস্তুতি ম্যাচ খেলবে ক্যারিবিয়ানরা। কন্ডিশনের সাথে মানিয়ে নিতে আগামী ১৮ অক্টোবর বাংলাদেশে পা রাখবে সফরকারীরা।

ওয়েস্ট ইন্ডিজ যখন ঢাকায় পৌঁছাবে, বাংলাদেশ জাতীয় দল তখন থাকবে সংযুক্ত আরব আমিরাতে। ৯ অক্টোবর থেকে আফগানিস্তানের বিপক্ষে একটি টেস্ট খেলার পর বাংলাদেশ, আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে ১৭ অক্টোবর শুরু হবে ওয়ানডে ফরম্যাটের ত্রিদেশীয় সিরিজ।

ওই টুর্নামেন্টের ফাইনাল পর্যন্ত পৌঁছালে ২৪ অক্টোবর দেশে ফিরবে শান্তর দল। এরপর মাত্র তিন দিনের বিরতিতেই নেমে পড়তে হবে টেস্ট সিরিজের লড়াইয়ে।

ওয়েস্ট ইন্ডিজ সবশেষ ২০২১ সালে বাংলাদেশে টেস্ট সিরিজ খেলে ২-০ ব্যবধানে জিতেছিল। তবে বর্তমানে দারুণ ছন্দে রয়েছে বাংলাদেশ। ঘরের মাঠে পাকিস্তানকে হোয়াইটওয়াশ করা এবং সম্প্রতি অস্ট্রেলিয়া সফরে ঐতিহাসিক জয় পাওয়ার পর টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকায় নাজমুল হোসেন শান্তর দল এখন চার নম্বরে অবস্থান করছে। বিপরীতে ক্যারিবীয়দের অবস্থান অষ্টম।