বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দিনেশ ত্রিবেদী বলেছেন, সম্প্রীতির দেশ গড়তে হলে পূজায় যে পরিবেশ বিদ্যমান তা সবসময় প্রয়োজন। সৌহার্দ্যপূর্ণ পরিবেশে এবার বাংলাদেশে দুর্গাপূজা উদযাপন হচ্ছে।
সোমবার (১৯ অক্টোবর) সকালে বনানী পূজামণ্ডপ পরিদর্শনে এসে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এ কথা বলেন।
এ সময় হাইকমিশনার বলেন, সৌহার্দ্যপূর্ণ বর্ণিল পরিবেশে এবার বাংলাদেশে শারদীয় দুর্গাপূজা উদযাপন হচ্ছে। প্রথমবারের মতো বাংলাদেশে এই উদযাপনে এসে তিনি জানান, নিজের দেশের সাথে সাংস্কৃতিক সম্প্রীতির মিল খুঁজে পাচ্ছেন তিনি।
সম্প্রীতি গড়তে হলে সবার মধ্যে সহাবস্থান জরুরি উল্লেখ করে ত্রিবেদী বলেন, পূজায় হাইকমিশনার হিসেবে আসিনি, এসেছি পরিবারের সদস্য হিসেবে পূজার আনন্দ ভাগাভাগি করতে।

