নিজ ব্যবহৃত সরকারি গাড়ি থেকে পদমর্যাদার লোগো নিজই খুলে ফেলেছেন মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন।
সোমবার (১৯ অক্টোবর) দুপুরে নিজ বাসভবন থেকে জাতীয় প্রেসক্লাবের উদ্দেশ্যে রওয়ানা হওয়ার সময় তিনি গাড়ির লোগোটি সরিয়ে নেন।
এ বিষয়ে প্রতিক্রিয়া জানাতে গিয়ে ইশরাক হোসেন বলেন, দলের পক্ষ থেকে কোনো চাপ ছিল না, আমি নিজ সিদ্ধান্তেই পদত্যাগ করছি। একটি বিশেষ পরিস্থিতির কারণে আমাকে এই সিদ্ধান্ত নিতে হচ্ছে।’
তিনি আরও স্পষ্ট করেন, পদত্যাগ করলেও মাদকের বিরুদ্ধে তার অবস্থান শিথিল হবে না এবং মাদকমুক্ত সমাজ গড়ার এই সংগ্রাম অব্যাহত থাকবে।
এর আগে গত শনিবার (১৭ অক্টোবর) ঢাকা-৬ আসনের সংসদ সদস্য ইশরাক হোসেন রাজধানীর গেণ্ডারিয়া এলাকায় আগ্নেয়াস্ত্র হাতে নিয়ে একটি মাদকবিরোধী অভিযানে অংশ নেন। সে সময় তার সাথে থাকা সহযোগীদের হাতেও আগ্নেয়াস্ত্র দেখা যায়।
উক্ত ঘটনার একটি ভিডিও ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়লে বিষয়টি নিয়ে দেশজুড়ে তীব্র আলোচনা ও সমালোচনার সৃষ্টি হয়। গত রবিবার (১৮ অক্টোবর) দিনভর ঘটনাটি আলোচনার কেন্দ্রে ছিল, যা রাজনৈতিক দল বিএনপি ও সরকার-উভয় পক্ষের জন্যই বেশ অস্বস্তিকর ও বিব্রতকর পরিস্থিতির তৈরি করে।


