আগ্নেয়াস্ত্র হাতে মাদকবিরোধী অভিযানে অংশ নিয়ে বিতর্কের মুখে পড়া মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেনকে পদত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে এমন খবর ছড়িয়ে পড়েছে। তবে এ খবরকে গুজব হিসেবে বিবেচনা করার আহ্বান জানিয়েছেন প্রতিমন্ত্রী নিজেই। তিনি জানিয়েছেন, এ বিষয়ে এখনো কোনো সিদ্ধান্তের সত্যতা তার জানা নেই।
রবিবার (১৮ অক্টোবর) রাতে ইশরাক হোসেন ফেসবুক পোস্টে বলেন, সবাইকে অনুরোধ করছি, বিষয়টিকে গুজব হিসেবে বিবেচনা করুন। এর কোনো সত্যতা এখনো নেই। দল থেকে কোনো সিদ্ধান্ত নেওয়া হলে তা গুজবের মাধ্যমে প্রকাশ করা হবে না।
তিনি আরও বলেন, এ বিষয়ে কোনো সিদ্ধান্ত হলে আনুষ্ঠানিকভাবে সংবাদ সম্মেলনের মাধ্যমে জানানো হবে, যেখানে সাংবাদিকেরা উপস্থিত থাকবেন।
এর আগে, শনিবার (১৭ অক্টোবর) রাজধানীর গেন্ডারিয়ায় মাদকবিরোধী অভিযানে আগ্নেয়াস্ত্র হাতে অংশ নিয়ে সমালোচনার মুখে পড়েন ইশরাক হোসেন। তার ফেসবুক পেজে প্রকাশিত ভিডিওতে তাকে অস্ত্র উঁচিয়ে কয়েকজনকে আটক করার নির্দেশ দিতে দেখা যায়। এ ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা শুরু হয়।
এ পরিস্থিতির মধ্যে রবিবার বিকেলে সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠক শেষে প্রধানমন্ত্রী তারেক রহমান ইশরাককে ডেকে পাঠান বলে জানা গেছে। এরপর তাকে পদত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে বলে সরকার-সংশ্লিষ্ট একাধিক সূত্রের বরাতে খবর প্রকাশিত হয়।


