...|...|...

জাতীয়

জাতীয় পুষ্টি পরিষদের মহাপরিচালক হলেন মজিবুর রহমান

টাইমস টুডে ডেস্ক
প্রকাশ: ১৫ অক্টোবর ২০২৬, রাত ১০:১৭
Shares
জাতীয় পুষ্টি পরিষদের মহাপরিচালক হলেন মজিবুর রহমান

মোহাম্মদ মজিবুর রহমান। ছবি: সংগৃহীত

বাংলাদেশ জাতীয় পুষ্টি পরিষদের (বিএনএনসি) মহাপরিচালক (ভারপ্রাপ্ত) হিসেবে দায়িত্ব পেয়েছেন মোহাম্মদ মজিবুর রহমান। এর আগে তিনি ঢাকার মাতুয়াইলে অবস্থিত শিশু মাতৃস্বাস্থ্য ইনস্টিটিউটের (আইসিএমএইচ) পরিচালক (ভারপ্রাপ্ত) এবং নিওনেটোলজি বিভাগের অধ্যাপক (চলতি দায়িত্ব) হিসেবে কর্মরত ছিলেন।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের এক প্রজ্ঞাপনে তার নতুন পদায়নের তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপন অনুযায়ী, মোহাম্মদ মজিবুর রহমানকে স্বাস্থ্য অধিদফতরের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করে বাংলাদেশ জাতীয় পুষ্টি পরিষদের মহাপরিচালক (ভারপ্রাপ্ত) হিসেবে সংযুক্ত করা হয়েছে। আগামী ১৮ অক্টোবরের মধ্যে তাকে নতুন কর্মস্থলে যোগদানের নির্দেশ দেওয়া হয়েছে।

১৯৭৫ সালের ২৩ এপ্রিল প্রতিষ্ঠিত বাংলাদেশ জাতীয় পুষ্টি পরিষদ স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের অধীন দেশের পুষ্টিবিষয়ক সর্বোচ্চ সমন্বয়কারী সংস্থা। দেশের পুষ্টি খাতের নীতি প্রণয়ন, পরিকল্পনা বাস্তবায়ন এবং সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠান ও সংস্থার কার্যক্রম সমন্বয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে প্রতিষ্ঠানটি।

প্রতিষ্ঠানটির অন্যতম দায়িত্ব হলো জাতীয় খাদ্য ও পুষ্টিনীতি প্রণয়ন ও হালনাগাদে সহায়তা করা, পুষ্টিবিষয়ক জাতীয় কর্মপরিকল্পনার অগ্রগতি পর্যবেক্ষণ ও মূল্যায়ন এবং এ খাতে গবেষণা ও জনসচেতনতামূলক কার্যক্রমে সহায়তা দেওয়া। এ পরিষদের সভাপতি প্রধানমন্ত্রী এবং নির্বাহী কমিটির সভাপতি স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী।